৩১ মার্চ নিউ ইয়র্কে নীনা আহমেদের নির্বাচনী সমাবেশ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার লেফটেনেন্ট গভর্নর পদে ভোটে দাঁড়ানো বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদের নির্বাচনী তহবিল সংগ্রহে নিউ ইয়র্কে প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেমোক্র্যাটিক পার্টির হয়ে ভোটে দাঁড়ানো নীনার নির্বাচনী সমাবেশটি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বেলাজিনো পার্টি’ হলে ৩১ মার্চ বেলা ১২টায় হবে বলে এ অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।
নীনার নির্বাচনী তহবিল সংগ্রহের এই সমাবেশ ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন- পিপল এন টেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবারের জাতীয় সভাপতি ও শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ, বিজ্ঞানী ও নিউ জার্সির প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান নূরন্নবী, ‘আ. কাদের মিয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া এবং উত্তর আমেরিকার সমাজকর্মী হিসেবে পরিচিত জিয়াউদ্দিন।
প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও কাজ করেছেন নীনা।
তিনি প্রথমে ফিলাডেলফিয়া সিটি এলাকা নিয়ে গঠিত ‘পেনসিলভেনিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১’ থেকে নির্বাচনের জন্য মাঠে নেমেছিলেন।
পরে সেই নির্বাচনী এলাকা সংস্কার হয়। নীনার পক্ষের লোকদের অভিযোগ, তার ভোট ব্যাংকে বিভক্তি রচনা করে তাকে কৌশলে সরিয়ে দেয়ার ইচ্ছা থেকেই নির্বাচনী এলাকাটির সংস্কার করা হয়েছে।
নীনা জানিয়েছেন, এরপরই তিনি কংগ্রেসে লড়ার পরিকল্পনা বাদ দিয়ে আরো বড় আসন ‘লে. গভর্নর’ পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
নির্বাচনী ব্যালটে নাম ওঠার জন্য আবেদনপত্রে ন্যূনতম এক হাজার ভোটার দরকার হয়। সেই জায়গায় ৪ হাজার ২৮৯ ভোটারের স্বাক্ষর নিয়ে নীনার আবেদনপত্র নির্বাচন কমিশনে জমা হয়েছে।
১৫ মে অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর প্রাথমিক বাছাই। সেখানে বাংলাদেশি নীনার জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
তবে এজন্য দরকার তহবিল। ইতিমধ্যেই পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়াসহ বিভিন্ন স্থানে তহবিল গঠনের অনুষ্ঠান হয়েছে। আরো কটি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্থানে।
তবে সকলের দৃষ্টি নিউইয়র্কের অনুষ্ঠানের প্রতি। কারণ, সবচেয়ে বেশি বাংলাদেশি-আমেরিকান বাস করছেন নিউ ইয়র্ক, নিউজার্সি এবং কনেকটিকাট অঞ্চলে।
নিউ ইয়র্কে নীনার তহবিল সংগ্রহ অন্যতম আয়োজক আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কিন প্রশাসনে বাংলাদেশি তথা অভিবাসী সমাজের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও পরীক্ষিত সংগঠক হিসেবে ড. নীনার বিকল্প নেই।
“ব্যক্তিগতভাবে একজন মেধাবী বিজ্ঞানী হয়েও প্রায় ৩০ বছর যাবত অভিবাসী সমাজের জন্যে মাঠে কাজ করা ড. নীনার পক্ষে পেনসিলভেনিয়ার প্রত্যন্ত অঞ্চলেও গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ সুযোগ হাতছাড়া করা সমীচীন হবে না।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
