সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের উদ্যোগে একুশে বইমেলা
সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার দেশটির পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে স্থানীয় সময় বিকেল চারটা থেকে শুরু হয়ে এ মেলা চলে রাত নয়টা পর্যন্ত।
বইমেলার আসা মতিউর রহমান নামে এক বাংলাদেশি বলেন, “সিঙ্গাপুরে বইমেলা ও একুশের গান হবে শুনে ঘরে বসে থাকতে পারিনি। নিজের সংস্কৃতি ও ভাষার টানে ছুটে এসেছি। আয়োজক কমিটির প্রতি অনুরোধ তারা যেন প্রতি বছর এ মেলার আয়োজন করেন।”
বইমেলার আয়োজকদের একজন বলেন, “অনেকেই বলেন বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ে না। সারাদিন ফেইসবুক নিয়ে পড়ে থাকে। কিন্তু আজকে মেলায় আসা প্রবাসীদের দেখে মনে হচ্ছে তারা মিথ্যা কথা বলেন। বর্তমান তরুণ প্রজন্ম আগের চাইতে বেশি বই পড়েন। দরকার শুধু তাদের হাতের নাগালে বই পৌঁছে দেওয়া।”
ভাষা আন্দোলনের উপর আলোচনা সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে সিঙ্গাপুরে স্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত ও সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি কবিরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। দেশাত্মবোধক গান শোনায় ‘মাইগ্রেন্ট ব্যান্ড দল’।
মাইগ্রেন্ট ব্যান্ডের পরিচালক নীল সাগর বলেন, “প্রবাসে দেশাত্মবোধক গান শুনিয়ে প্রবাসীদের মাঝে দেশপ্রেম জাগানো সত্যি খুব সৌভাগ্যের। আয়োজক কমিটিকে তাই ধন্যবাদ জানাই।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
