২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ভারত প্রবাসীদের

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ভারতের নয়া দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ এস এম রিয়াদ, ভারতের নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 11:43 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের চাণক্যপুরী ক্যম্পাসে ‘লাভ ফর জাফর ইকবাল স্যার’  শিরোনামে এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থীরা।

সমাবেশে বাংলাদেশি শিক্ষার্থী অরুপ রতন সাহা বলেন, “আমরা এখানে স্যারের প্রতি আমাদের ভালোবাসার কথা জানাতে এসেছি। মুক্তবুদ্ধির চর্চা কখনো থামবে না। আমরা চাই দ্রুত এ হামলার যথাযথ বিচার হোক।”

শরিফুল ইসলাম বলেন, “আমাদের ছোটবেলা শুরুই হয় জাফর ইকবাল স্যারের বই পড়ে। তিনি তরুণদের অনুপ্রেরণা।”

জাফর ইকবাল ছাত্রদের ছায়ার মতো আগলে রাখতেন বলে উল্লেখ করেন ইমরান হোসাইন সৌরভ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী।

জাফর ইকবালের মতো সন্তানের জন্য বাংলা মায়ের গর্ব করা উচিত বলে মন্তব্য করেন ফেরদৌসি বেগম।

ইরাম খান নামের একজন ভারতীয় পিএইডি গবেষক বলেন, “মুক্তচিন্তার বিরুদ্ধে হামলা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই  একটি সংকট। জাফর ইকবাল সম্পর্কে যতটা জেনেছি, তাতে মনে হয়েছে ওনার মাঝে দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল। দ্রুত এ ধরনের হামলার হোতাদের খুঁজে বের করা দরকার।”

উমেশ নামের আরেক ভারতীয় শিক্ষার্থী সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

মাহমুদুল হাসান বলেন, “বিদেশে অনেক উন্নতর জীবনের সুযোগ ছেড়ে দিয়ে জাফর ইকবাল স্যার দেশে ফিরে এসেছিলেন কেবল দেশকে ভালোবেসে। কিন্তু তার জন্য এমন প্রতিদান মোটেও কাম্য নয়।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!