২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির মানববন্ধন

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 04:37 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

স্থানীয় সময় শুক্রবার দুপুরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ‘হটাও হাসিনা বাঁচাও বাংলাদেশ’, ‘চল চল ঢাকা চল গণতন্ত্র রক্ষা কর’ ও ‘সব রাজবন্দীর মুক্তি চাই দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “জিয়া পরিবারের জনপ্রিয়তায় ভীত হয়ে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় জেলে পাঠিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরসহ লাগাতার মিথ্যাচার চালাচ্ছেন।”

এর মধ্য দিয়ে সরকার ‘বিএনপিকে দূরে রেখে আবারো একতরফা নির্বাচনের মহড়া’ দিচ্ছে বলে অভিযোগ করেন গিয়াস আহমেদ।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ওমর ফারুক, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এবায়েত উল্লাহ (অহি), ব্রুকলিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম (অরিক), সাংগঠনিক সম্পাদক আমিন রসুল ছোট্টন, জগলুল হায়াত খান, আলাউদ্দিন মোহাম্মদ সুজন, রফিকুল আলম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল রহমান ও মোহাম্মদ শিহাব রাজ্জাক।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!