২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ৫ দিন পর খোঁজ মিলল বাংলাদেশি ছাত্র রাব্বির

নিউ ইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর খোঁজ মিলেছে বাংলাদেশি তরুণ মোহাম্মদ তানভির হোসেন রাব্বির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 10:23 AM

Updated : 19 Aug 2022, 01:41 PM

তার বাবা নিউ ব্রঙ্কসে বসবাসরত জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নিউ ইয়র্ক পুলিশ তার ছেলেকে খুঁজে পাওয়ার খবর দেয়।

২১ বছর বয়সী রাব্বি মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পর ব্রুঙ্কসের লুইস অ্যান্ড ক্লার্ক স্কুলের একাদশ গ্রেডে পড়াশোনা করছিলেন। তবে মাঝেমধ্যে তিনি মানসিকভাবে অসুস্থ থাকতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আলতাফ হোসেন জানান, গত রোববার বিকালে চুল কাটানোর জন্য তার সঙ্গে বাসা থেকে বের হয় রাব্বি। কিন্তু সেলুনে পৌঁছে চুল কাটাবে না জানিয়ে সে বাসায় ফিরতে চায়।

ছেলেকে বাসায় পাঠিয়ে নিজে চুল কাটিয়ে বাসায় ফিরে আলতাফ দেখেন, রাব্বি ফেরেনি। রাত ১১টা পেরিয়ে যাওয়ার পরও ছেলে না ফেরায় তিনি পুলিশে খবর দেন। রাব্বির সন্ধান চেয়ে পুলিশের পক্ষ থেকে পোস্টারও বিলি করা হয়

যে পোশাকে রাব্বি বাসা থেকে বের হয়েছিলেন, সেই পোশাকেই তাকে বৃহস্পতিবার ডাউন-টাউন ম্যানহাটানের ওয়ালস্ট্রিট এলাকায় খুঁজে পায় পুলিশ। কয়েক ঘন্টা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবারই তাকে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।

আলতাফ বলেন, গত পাঁচ দিনে রাব্বি কোথায় কী অবস্থায় ছিলেন, তা জানার চেষ্টা করছেন তারা। তবে বাসায় ফেরার পর কারও সঙ্গেই স্বাভাবিকভাবে কথা বলেনি তার ছেলে। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

পুরনো খবর:

নিউ ইয়র্কে ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী