২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে প্রথম ইন্টারনেটভিত্তিক বাংলা রেডিও ‘রিলাক্স’

যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো ‘রিলাক্স’ নামে একটি ইন্টারনেটভিত্তিক বাংলা অনলাইন রেডিও স্টেশন চালু হয়েছে।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 02:38 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রেডিও স্টেশনের যাত্রা শুরুর ঘোষণা দেন প্রতিষ্ঠাতা দুই ভাই প্রবাসী সঙ্গীত শিল্পী আমিন রাজা ও আহমদ রাজা।

২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে রিলাক্স (RELAKS)নামে এই রেডিও স্টেশন থেকে। শুধুমাত্র লন্ডনই নয়, ইন্টারনেটে বিশ্বব্যাপী রিলাক্সের অনুষ্ঠান শোনা যাবে।

এছাড়া যে কোনো স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপে- এমনটি কোনো কোনো ক্ষেত্রে টিভিতেও শোনা যাবে রিলাক্সের অনুষ্ঠান। আইওএস  ও অ্যান্ড্রয়েডে অ্যাপস ডাউনলোড করে নিলেই শোনা যাবে রেডিওর অনুষ্ঠান।

লন্ডন ‘বেতার বাংলা’ নামে এএম ফ্রিকোয়েন্সিতে ২৪ ঘণ্টার আরেকটি বাংলা রেডিও স্টেশন কয়েক বছর থেকে চালু রয়েছে। তবে রিলাক্স ইন্টারনেটভিত্তিক প্রথম বাংলা রেডিও স্টেশন।

আমিন রাজা বলেন, “বেঙ্গোলিজ বিগেস্ট কনভারসেশন শ্লোগানে যাত্রা শুরু হওয়া এই রেডিওটি হচ্ছে একটি কমিউনিটি রেডিও। এতে কমিউনিটির সবচেয়ে আলোচিত বিষয়গুলো নিয়েই প্রেজেন্টাররা কথা বলবেন অতিথিদের সাথে, শ্রোতাদের সাথে। এর সাথে থাকবে কিছুটা এন্টারটেইনমেন্ট ও প্রতি ঘণ্টার শুরুতে তিন মিনিটের নিউজ। থাকবে ট্রাফিক নিউজসহ আরও অনেক কিছু।”

তিনি আরও জানান, সম্পূর্ণ বাণিজ্যিক একটি রেডিও স্টেশন এটি। কমিউনিটির বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্টসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমানও এতে নিয়মিত অনুষ্ঠান করবেন।

রিলাক্স রেডিওর অনুষ্ঠান শুনতে চাইলে অ্যাপ স্টোর থেকে রিলাক্স রেডিও অ্যাপ ডাউনলোড করতে হবে ফোনে অথবা www.relaks.net এই ঠিকানায় অনলাইনে গেলে শোনা যাবে অনুষ্ঠান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!