সিঙ্গাপুরে একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মার্চে
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
স্থানীয় সময় আগামী ৪ মার্চ রোববার সিঙ্গাপুরে ভাষা শহীদদের সম্মানে পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠান চলবে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সিঙ্গাপুরে চৈনিক নববর্ষ উদযাপন উপলক্ষে পুরো ফেব্রুয়ারি জুড়েই অনুষ্ঠানের ভেন্যুগুলো ব্যস্ত থাকায় ফেব্রুয়ারিতে আয়োজনটি করা যায়নি। তবুও অমর একুশকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলার জন্য তারা দেরীতে হলেও এ আয়োজন করতে যাচ্ছে।
আয়োজনের লক্ষ্য সম্পর্কে আয়োজকরা জানান, একুশে বইমেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যার লক্ষ্য বিশ্ব সম্প্রদায়ের কাছে বাঙালি সংস্কৃতি ও অমর একুশের তাৎপর্যকে তুলে ধরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মাইগ্র্যান্ট লাইব্রেরি ও মাইগ্র্যান্ট কালচারাল শো-এর প্রতিষ্ঠাতা ফজলে এলাহী রুবেল ও রিপন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাইগ্র্যান্ট ব্রান্ডের প্রধান নীল সাগর শাহীন।
রিক্রিয়েশন সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ সিকিউরিটি অফিসার, রিক্রিয়েশন সেন্টারের ম্যানেজিং কমিটি ও জে টি সি কর্তৃপক্ষ।
মঞ্জুরুল মান্নান বলেন, “সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে এমন যে কোনো অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি।”
শহীদ স্মৃতি স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর বিভিন্ন ভাষাভাষী কবি-সাহিত্যিকের একুশ নিয়ে রচিত কবিতা আবৃত্তি, সিঙ্গাপুরে বাংলাদেশি গানের ব্যান্ডদল মাইগ্র্যান্ড ব্যান্ডসহ বিভিন্ন ভাষাভাষী অনেক প্রবাসী কর্মী তাদের শিল্প ও সাহিত্যকর্ম উপস্থাপন করবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
