অভিবাসীদের কল্যাণে জাতিসংঘে বাংলাদেশের ৫ দফা
জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বার্ষিক সংসদীয় শুনানীতে অভিবাসীদের সামগ্রিক কল্যাণে ৫ দফা উপস্থাপন করেছে বাংলাদেশ।
স্থানীয় সময় শুক্রবার শুনানীর শেষ দিনে বাংলাদেশ পার্লামেন্টারি ডেলিগেশনের দলনেতা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি এ সুপারিশ উপস্থাপন করেন।
বিশ্বব্যাপী অভিবাসন সংকটের ব্যাপারে বিস্তারিত আলোকপাত করে মানবিকতার স্বার্থে তিনি অবিলম্বে এ অবস্থার স্থায়ী অবসানে ৫ দফা সুপারিশ পেশ করেন। প্রস্তাবিত ৫ দফাগুলো হলো-
১. এমন কোনো আইন পাশ করা যাবে না যা নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের পরিপন্থী
২. অভিবাসীদের মর্যাদা, মানবাধিকার ও স্বার্থ বিরোধী আইন যেন আমরা পাশ না করি
৩. অভিবাসী অবস্থা নির্বিশেষে অভিবাসীদের মানবাধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে আইন পাশ করতে হবে
৪. পাশকৃত সকল আইনে নাজুক অবস্থায় পতিত অভিবাসীদের সুরক্ষার কথা থাকতে হবে
৫. পাশকৃত আইনগুলোতে অভিবাসী পাচার, প্রতারণা ও ট্রাফিকিং-এর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হবে।
ফারুক খান বলেন, “আমরা সংসদ সদস্য। আমরা সংসদে বিতর্কের মাধ্যমে চূড়ান্তভাবে আইন প্রণয়ন করি। সংসদ সদস্য হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতার আলোকে আইপিইউ’র এই বার্ষিক সংসদীয় শুনানীতে বৈশ্বিক অভিবাসন কমপ্যাক্টে বিবেচনার জন্য এই সভায় আপনাদের সামনে আমি এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো তুলে ধরছি।”
এমপি ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় দলটি আইপিইউ’র সভাপতির সাথে বৈঠক করেন। বৈঠকে আইপিইউ’র চলমান কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন বিস্তারিত আলোচনা করেন।
বিকালে ‘অভিবাসনের বৈশ্বিক কমপ্যাক্ট ও ফলোআপ: সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক বার্ষিক সংসদীয় শুনানীর এক সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন সংসদ সদস্য মো.ইসরাফিল আলম।
মো.ইসরাফিল আলম বলেন, “এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত নিউ ইয়র্ক ঘোষণার সময় বাংলাদেশ ‘অভিবাসনের বৈশ্বিক কমপ্যাক্ট’ ধারণাটি এনেছিল এবং এ সংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা অন্যান্য দেশ গ্রহণ করেছিল। বাংলাদেশ প্রত্যাশা করে, এই কমপ্যাক্টটি হবে অভিবাসনবান্ধব ও প্রাধিকারভিত্তিক, যা বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনায় তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।”
এ সময় নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিগমনের কম্প্যাক্টের ক্ষেত্রে অভিবাসীদের মানবাধিকার সুরক্ষা, শ্রমবাজারের প্রয়োজনে নতুন নতুন চ্যানেল উন্মুক্ত করা, অভিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক অধিকারের প্রতি গুরুত্ব দেওয়াসহ বেশ কিছু প্রত্যাশার কথা তুলে ধরেন এমপি ইসরাফিল আলম।
মাইগ্রেশন কম্প্যাক্টের ক্ষেত্রে সংসদ সদস্যদের বিবিধ ভূমিকা ও দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে আমরা অভিবাসনের উপর একটি ‘জাতীয় সংসদীয় ককাস’ গঠন করেছি। এই ককাস গ্লোবাল কম্প্যাক্টের জন্য জাতীয় পর্যায়ে বিভিন্ন কনসালটেশনে নিয়োজিত রয়েছে।”
আইপিইউ’র বার্ষিক সংসদীয় শুনানীর দুই দিনব্যাপী এই শুনানীতে আরও অংশ নেন বাংলাদেশের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ফখরুল ইমাম, আনোয়ারুল আবেদীন খান, আয়েন উদ্দিন, রোকসানা ইয়াসমিন ছুটি ও জেবুন্নেছা আফরোজ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
