বঙ্গবন্ধুর ছবি অবমাননায় প্রতিবাদ যুক্তরাজ্যে
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিএনপি-জামায়াতের হামলা ও বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে সভা করেছেন যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম’।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের দিন ৭ ফেব্রুয়ারি হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় যুক্তরাজ্য বিএনপি-জামায়াতের কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা থেকে দোষীদের চিহ্নিত করা ও শাস্তির দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের সভাপতি বাতিরুল হক সরদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ রহমান বেলাল।
প্রধান অতিথি ছিলেন সিলেট ২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, “একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দূতাবাস প্রজাতন্ত্রের সম্পদ। সেই দূতাবাসে স্মারকলিপি দেওয়ার নামে জাতির পিতার ছবি অবমাননা একটি ধৃষ্টতা। এতে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নোংরামি প্রকাশ পেল।”
বিশেষ অতিথি ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমেদ উল্লাহ বলেন, “একটি সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের হামলা ও জাতির পিতার ছবি অবমাননার নিন্দা জানানোর ভাষা নেই। দোষী সন্ত্রাসীদের দ্রুত বিচারের জোর দাবি জানাই।”
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমা হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মুসা হাসান, প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক মজুমদার আলী, যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, কবি সাংবাদিক হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য জাসদের কোষাধ্যক্ষ রেদওয়ান খান, ইস্ট লন্ডন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবদুল হালিম, যুক্তরাজ্য শ্রমিক লীগ সভাপতি শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দারা মিয়া, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম লন্ডনের জ্যেষ্ঠ সহ সভাপতি কবি ও গীতিকার সৈয়দ হিলাল সাইফ ও সহ সভাপতি লেখক নূরুন্নবী আলী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
