২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় শামীম আল আমিনের দুটি বই

সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগে। কোলাহল যেন হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। কোন কারণে রাস্তার ল্যাম্পপোস্টগুলোর বাতি আজ জ্বলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রিয় সাহা, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 12:31 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

বারান্দার রেলিং ধরে বাইরে তাকায় নির্জন। অন্ধকারের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করে। খুঁজে পায় না। নীলুর মুখটা ভেসে উঠে, আবার কোথায় যেন হারিয়ে যায়। প্যান্টের পকেটে একটা মহামূল্যবান জিনিস রেখেছিল সে। হাত দিয়ে দেখে, ওটা জায়গামতোই আছে।

একটা কলম। চমৎকার কাজ করা মাটির তৈরি কলম। নীলু তাকে উপহার দিয়েছিল। কত কষ্ট, কত সুখ আর কত স্বপ্নই না লুকিয়ে আছে এতে! পকেট থেকে কলমটি বের করে আনলো। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। বাইরে তখন অন্ধকার। হাতে ভালোবাসা। বুকের ভেতরে কষ্ট। অদ্ভূত কষ্ট। সে এবং অন্ধকার যেন মিলেমিশে একাকার হয়ে গেল!

এভাবেই জনপ্রিয় লেখক শামীম আল আমিন তার প্রথম উপন্যাস ‘সে এবং অন্ধকার’ এর একটি অংশ বর্ণনা করেছেন। উপন্যাসটিতে রয়েছে প্রেম, বিচ্ছেদ, প্রতিবাদ আর সমাজের নোংরা বাস্তবতার বয়ান। যে কারণে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র নীলুকে খুনি হতে হয়। আর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া আরেক চরিত্র নির্জনকেও ডুবতে হয় গভীর অন্ধকারে।

‘সে এবং অন্ধকার’ এক তরুণের সাহসী অভিযাত্রারও নাম। লেখক শামীম আল আমিন সদ্য এইচএসসি পাশ করে এ উপন্যাসটি লিখেছিলেন ১৯৯৬ সালে। সেই বইটি ইতিহাসের পাতায় বিলীন হতে বসেছিল। পরে প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনন্যা’র আগ্রহে বইটি নতুন করে মুদ্রণ করা হয়েছে অমর একুশে বইমেলায়। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

লেখক নতুন সংস্করণের ভূমিকায় লিখেছেন, “উপন্যাসটির কাহিনী ঠিক রেখে, কেবল ভাষাগত কিছু পরিমার্জন করা হয়েছে। তবে কাহিনীকাল হিসেবে ২০ বছর আগের সময়কে ধরে নিতে হবে। তখনো মোবাইল ফোনের অত প্রচলন ছিল না এদেশে। ডাকঘরগুলোর জৌলুস হারিয়ে যায়নি। চিঠির মাধ্যমে তথ্যসহ মনের ভাব আদানপ্রদানের রীতি চালু ছিল।”

শামীম আল আমিন একাধারে সাংবাদিক, সাহিত্যিক ও টেলিভিশন উপস্থাপক। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রে অগ্রণী একজন। সংবাদপত্র, অনলাইন কিংবা রেডিওতেও কাজ করেছেন তিনি। তবে টেলিভিশন রিপোর্টিংয়ের পাশাপাশি তিনি বেশি পরিচিতি পেয়েছেন কয়েকটি জনপ্রিয় ‘টক শো’ সঞ্চালনা করে। বিশেষ করে ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানটি তাকে নিয়ে গেছে সাধারণ মানুষের খুব কাছাকাছি।

পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এমএসএস পরীক্ষায় হয়েছেন প্রথম শ্রেণিতে প্রথম। কেবল ভালো ছাত্রই নন, শিক্ষা জীবনে বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

কাজের কারণে ঘুরেছেন দেশ-বিদেশ। কাভার করেছেন গুরুত্বপূর্ণ নানা ইভেন্ট। সাংবাদিকতায় অর্জন করেছেন অনেক পুরস্কার। তবে এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। টিবিএন টোয়েন্টিফোর টেলিভিশনের বার্তা প্রধান। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চা করেন নিয়মিত। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বই। বিশ্ববিদ্যালয় পর্যায়ের একাডেমিক বই লেখায় বিশেষ অবদান রেখেছেন। তবে গল্প, উপন্যাস ও ভ্রমণ লিখেও সুনাম কুড়িয়েছেন। তার জন্ম ১ জানুয়ারি ১৯৭৯ সালে, ঢাকার শান্তিবাগে।

অমর একুশে বইমেলা ২০১৮-তে লেখকের আরও একটি বই প্রকাশিত হয়েছে। অনিন্দ্য প্রকাশ থেকে বের হওয়া বইটির শিরোনাম ‘কাছের দেখা দূরের দেখা’।

এর ভূমিকায় লেখক লিখেছেন, “চোখের সামনে আমরা যা দেখি, সবসময় সেটাই কি ঠিক! হয়তো না। সেই দেখার পেছনে থাকতে পারে অন্যকিছু। আবার যা দেখছি সেটাই হয়তো সত্যি। আবার দূর থেকে দেখা একটা জিনিস একরকম, কাছে গেলে তা হয়তো অন্যরকম। আমাদের দেখার জগতের এই ভিন্নতা বিরাট এক রহস্যময়তা তৈরি করেছে। আলোছায়ার ওই রহস্যময় জগতে আমাদের বসবাস। তবে এ বইটি সেই অর্থে আলো আঁধারি কিংবা রহস্যময় কোন জটিলতা নিয়ে নয়। বইটিতে প্রাত্যহিক দিনকার কিছু ভাবনা, কিছু কর্মকাণ্ড, কয়েকজন খ্যাতিমান মানুষের সঙ্গে আলাপচারিতা, কিছু তথ্য উপাত্তের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। সবগুলো লেখায় নিজস্ব দৃষ্টিভঙ্গির উপস্থাপনই বইটির বৈশিষ্ট্য। বিশেষ করে কিছু জিনিস দূর থেকে দেখতে কেমন ছিল, সামনে থেকে তা কেমন, রয়েছে নিজের মতো করে দেয়া সেই বর্ণনাও।”

বইটিতে ১৪টি ভিন্নধর্মী লেখা রয়েছে। লেখাগুলোর কিছু বিষয়বস্তু বাংলাদেশ, কিছু যুক্তরাষ্ট্র। মাঝে মাঝে রয়েছে তুলনামূলক চিত্র। আর লেখাগুলোকে একই সুতোয় গাঁথতে যে বিবেচনাটি কাজ করেছে বলে লেখক জানিয়েছেন তা হলো এগুলো সবই নিউ ইয়র্কে বসে লেখা। যুক্তরাষ্ট্রের সৌন্দর্য, আইনকানুনের নানা দিক যেমন উঠে এসেছে, তেমনি এসেছে দেশটির কিছু দুঃখের কথাও।

শামীম আল আমিন ভূমিকায় আরও বলছেন, “আপাতদৃষ্টিতে লেখাগুলোকে নিবন্ধধর্মী ও সাক্ষাৎকারভিত্তিক মনে হলেও, পাঠক খেয়াল করে দেখবেন এগুলোর প্রত্যেকটির মধ্যে ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। যার অনেক কিছুই পাঠক আগেই হয়তো ভেবেছেন।”

বইটিতে লেখক কিছু বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। আবার গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের সঙ্গে তার সাক্ষাতকে ঘিরে এক ধরণের লেখা রয়েছে, যা প্রচলিত সাক্ষাৎকার নেওয়ার ধরণ থেকে আলাদা, অনেকটা গল্পের ঢঙে। কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের নিউ ইয়র্কের দিনগুলোর কথা এসেছে মেহের আফরোজ শাওনের জবানিতে। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে আন্তরিক কথোপকথন কিংবা সাহিত্যিক দম্পতি জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসুর সঙ্গে বিশেষ আলাপচারিতাও বইটিকে দিয়েছি ভিন্নমাত্রা।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিউ ইয়র্কে বসে লেখককে দিয়েছেন লম্বা এক সাক্ষাৎকার। তার চুম্বক অংশে উঠে এসেছে অর্থমন্ত্রীর নানা পরিকল্পনার কথা। সেই সাক্ষাৎকারটিও অন্তর্ভুক্ত হয়েছে বইটিতে।

আবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জীবনধারা যেমন উঠে এসেছে, তেমনি এসেছে দেশটির মূলধারার রাজনীতির কথাও। অভিবাসন নিয়ে তৈরি জটিলতা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখের বর্ণনা। যখন ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল, তখন অনেকে ভাবতেই পারেননি ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হয়ে যাবেন। সেইসময় শামীম আল আমিন তার একটি লেখায় বিশ্লেষণ করেছিলেন, কেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন।

আবার অনেকেই জানেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এ তথ্য আংশিক সত্য, আর তা হচ্ছে বড় কোন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনি। তবে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বহুবছর আগে ভোটাধিকার আন্দোলনের অন্যতম নেত্রী ভিক্টোরিয়া উডহল।

এসব লেখা ও কথামালায় সাজানো ‘কাছের দেখা, দূরের দেখা’। বইটির কয়েকটি লেখা এরমধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে পাঠকদের অনেকেই পড়েছেন। অন্য লেখাগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। ধ্রুব এষের প্রচ্ছদে সেই লেখাগুলোকে করে তুলেছে আকর্ষণীয় একটি বই। সব মিলিয়ে বই দুটো পাঠকের ভালো লাগবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!