যুক্তরাষ্ট্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিষয়ক সেমিনার
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টার মিলনায়তনে ‘সেক্যুলারিজম ইন বাংলাদেশ: হোপ ফর ইউনিটি, পিস অ্যান্ড জাস্টিস’ শিরোনামে এ সেমিনারটি আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট’ এর যুক্তরাষ্ট্র শাখা।
প্রদীপ প্রজ্বলন ও আয়োজক সংগঠনের প্রধান শুভ রায়ের স্বাগত বক্তব্যের পর সেমিনার সঞ্চালনা করেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস।
সেমিনারে ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ধর্মীয় সম্প্রীতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তুলনামূলক আলোচনা করেন পার্থ ব্যানার্জি।
তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। তৃণমূল পর্যায়ে শিক্ষা দিতে হয়। ধর্মান্ধতা মুসলমানদের যেমন আছে, তেমনি হিন্দু বা খ্রিস্টানদেরও আছে।”
একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু ব্যানার্জি আরও বলেন, “বাঙালি জাতি হিসেবে কোনোকালেই ধর্মান্ধ ছিলো না। এখানেই আমরা আলাদা। তাই আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শামসুর রাহমানকে পেয়েছি।”
সেমিনারে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমির ফেলোশিপ পাওয়া প্রবাসের লেখক নূরন্নবীকে সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় বহ্নিশিখা সঙ্গীতালয়ের প্রধান সবিতা দাসের নেতৃত্বে দেশের গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
