২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় আমেরিকার জীবনযাপন নিয়ে ‘কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী’

প্রবাসী লেখক আশরাফুন নাহার লিউজার ‘কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী’ বইটির বিষয়বস্তু অনেকটাই ভিন্নধর্মী। বইটিকে ভ্রমণসাহিত্য যেমন বলা চলে, তেমনি এর মধ্যে আছে এক ধরণের জীবনধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমন আহমেদ, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 01:00 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

যুক্তরাষ্ট্রের সৌন্দর্য, এখানকার মানুষ, দর্শনীয় স্থান ও জীবনের গভীরবোধ বইটিতে উঠে এসেছে। বইটির বেশিরভাগটা জুড়ে প্রাধান্য পেয়েছে প্রকৃতিবন্দনা। যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় ঋতু পরিবর্তনে চোখের সামনে বদলে যায় সবকিছু। সে অনুযায়ী মানুষের জীবনযাত্রাও বদলায়। চলতে থাকে নানা ধরণের উৎসব আয়োজন।

Image
প্রবাসী লেখক আশরাফুন নাহার লিউজা

প্রবাসী লেখক আশরাফুন নাহার লিউজা

আর লেখকের অনুভূতির একের পর এক সাজানো বিস্তারই হচ্ছে এই বইটি। বিশটি লেখা আছে এতে। লেখাগুলোর বেশিরভাগই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠকদের অনেকেই পড়েছেন। কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে ঢাকার কয়েকটি পত্রিকায়। এবার একই মলাটের ভেতর বাছাই লেখাগুলোকে নিয়ে প্রকাশিত হলো ‘কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী’। অমর একুশে বইমেলা ২০১৮তে বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।    

বইটির আকর্ষণীয় দিক হচ্ছে এর ভেতরকার ছবি। কোন কোন ছবিতে লেখক নিজেই মডেল হয়েছেন। একই সঙ্গে ফুটে উঠেছে দর্শনীয় স্থান কিংবা উপভোগ্য কোন উৎসবের দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য কিংবা স্থাপনার অনেক ছবির আলোকচিত্রী লেখক নিজেই। চার রঙে ছাপা বইটি যেন অনবদ্য একটি অ্যালবাম।

বইটিতে অনেক গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে লেখক পরিচয় করিয়ে দিয়েছেন। যেমন- হোয়াইট হাউজ, ক্যাপিটল হিল, স্ট্যাচু অব লিবার্টি, এলিস আইল্যান্ড, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ও টাইমস স্কয়ার। আবার বলেছেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়, বন, সমুদ্র সৈকত, লেক কিংবা পার্কের কথাও। তুলে ধরেছেন ঘরের কাছের প্রিয় ‘গুজ পন্ড’।

বইটিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অনেক ঐতিহ্য ও সংস্কৃতির বিস্তারিত বর্ণনা। ক্রিসমাস, থ্যাংকস গিভিং ডে, হ্যালোইন, ভ্যালেন্টাইন ডে’র মতো উৎসবগুলোকে ঘিরে এদেশে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, লেখক যেমন তার বর্ণনা দিয়েছেন, তেমনি রয়েছে এসব উৎসবের পেছনের কথাও। বইটি সেই অর্থে তথ্যবহুল।

আশরাফুন নাহার লিউজা বইটি উৎসর্গ করেছেন সেইসব শিশুকে যারা বেড়ে উঠছে প্রকৃতির নিবিড় মমতায়। তিনি জানান, অবহেলিত শিশুদের জন্য কাজ করার ইচ্ছা তার। সে কারণে তিনি বইটি বিক্রি থেকে যা আয় হবে তা বাংলাদেশের পথশিশুদের জন্য খরচ করার ঘোষণা দিয়েছেন।

লেখক জানান, মূলত নিউ ইয়র্ক শহরের কথা ভেবেই বইটির নামকরণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের যে শহরেই কেউ যান না কেন, সব জায়গাতেই প্রকৃতি রূপের পসরা সাজিয়ে বসেছে। পাহাড়, নদী, সাগর আর বনাঞ্চল, কী নেই! আকাশটাও যেন অদ্ভুত সুন্দর। আর বড় শহরগুলোয় রয়েছে সারি সারি উঁচু দালান। সেই দালানগুলোকেই লেখক বলেছেন, ‘কংক্রিটের অরণ্য’।

কেননা পাশাপাশি দাঁড়িয়ে থাকা ভবনগুলোকে দেখতে ভালো লাগে, মন ছুঁয়ে যায়। সেই কংক্রিটের অরণ্যেও নদী আছে। বাধাহীন অবিরাম বয়ে চলেছে স্রোতস্বিনী নদীগুলো। টলটলে স্বচ্ছ তার জল। কোথাও নদীকে মেরে ফেলার কোন চেষ্টা নেই। প্রতীকী অর্থে শিরোনামের মধ্যে বইটির মর্মার্থ লুকিয়ে রয়েছে।

লেখালেখির পাশাপাশি আশরাফুন নাহার লিউজা একজন ইয়োগা আর্টিস্ট ও মডেল। তিনি স্টাইফস্টাইল ও ফিটনেস নিয়ে কাজ করছেন।  

ছবি কৃতজ্ঞতা: স্বপন হাই ও জেনিফার জিনিয়া

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!