জর্জিয়ায় ‘নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন’
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রবাসী সংগঠন ‘নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন’ (এনএবিসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে এনএবিসির ২০১৯ সালের সম্মেলন আটলান্টায় অনুষ্ঠিত হবে বলে সংগঠনের নির্বাহী কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুরে অঙ্গরাজ্যটির আটলান্টা শহরে গ্লোবাল মলের আসিয়ানা রেঁস্তোরায় সংগঠনের যুগ্ম নির্বাহী সম্পাদক উত্তম দে’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান দিনাজ খান।
তিনি বলেন, “আমরা কারো প্রতিদ্বন্দ্বী নই। কারো সঙ্গে প্রতিযোগিতা করেও সংগঠন করি না। আমাদের সংগঠন উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের সাথী হতে নানা সেবামূলক কাজ করছে।”
আলোচনা আরও অংশ নেন সংগঠনের অর্থ সম্পাদক লিটন মজুমদার, ২০১৮ সালের বোস্টনে অনুষ্ঠিতব্য সম্মেলনের আহ্বায়ক মনির চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত হুসেন, কার্যকরী সদস্য ভাস্কর চন্দ, শেখ জামাল, মিনহাজুল ইসলাম বাদল, সাগর চক্রবর্তী, আজাদ রহমান, শহীদ ফিরোজ, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ আলম।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটিতে অবদানের জন্য এমঅ্যান্ডজে ফাউন্ডেশন, দু’জন সাংবাদিক ও সংগঠনের বেশ কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়।
পরে এনএবিসির তিনবারের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক আবু লিয়াকত হুসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে আর্সেনিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন সংকটের সময় এ সংগঠন ইতিবাচক ভূমিকা রেখেছে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন করে সমস্যা সমাধানের চেষ্টা করেছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
