কুয়েতে অবৈধ প্রবাসীদের জরুরি সেবা দিচ্ছে দূতাবাস
কুয়েতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দ্রুত সেবা দিতে ছুটির দিনেও জরুরি সেবা চালু করেছে দূতাবাস। দেশটির বিভিন্ন স্থানে আটটি বুথে এ কার্যক্রম চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে দেশটির খালেদিয়ায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অঞ্চল থেকে আসা অবৈধ অভিবাসীদের ভিড় করতে দেখা গেছে।
ছয় বছর পর কুয়েত সরকার ঘোষিত ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরে যেতে বা নতুন পাসপোর্ট নিয়ে বৈধ হতে অভিবাসীদের তৎপরতা বেড়েছে বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান আনিসুজ্জামান বলেন, “ঘোষিত সাধারণ ক্ষমার ২৫ দিনের মধ্যে বৃহস্পতিবার ছিল দশম দিন। অবৈধ বাংলাদেশি যারা নতুন পাসর্পোটের জন্য আবেদন করতে চান তাদের ৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।”
এক্ষেত্রে অভিবাসীর দুই কপি পাসর্পোট সাইজ ছবি, পুরাতন পাসর্পোট কপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্মসনদের ফটোকপি বা নিজ এলাকার চেয়ারম্যান থেকে নেওয়া নাগরিক সনদ লাগবে বলে জানান তিনি।
যারা বৈধ হতে নতুন পাসর্পোটের জন্য আবেদন করেছেন তাদের সাত দিনের মধ্যে নতুন পাসর্পোট দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
এখন পর্যন্ত ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরে যেতে প্রায় সাড়ে তিন হাজার এবং নতুন পাসর্পোটের জন্য প্রায় তিনশ অবৈধ বাংলাদেশি আবেদন করেছেন। এদের মধ্যে বয়স্ক ও তরুণদের সংখ্যাই বেশি বলে জানায় দূতাবাস সূত্র।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
