খালেদার রায়কে কেন্দ্র করে নিউ ইয়র্ক আ.লীগও মাঠে
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিন নিউ ইয়র্কে বিএনপি-জামায়াত-শিবিরের যে কোন ধরনের ‘অপতৎপরতা’ রুখে দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচীতে সমর্থন দিয়েছে সংগঠনটির নিউ ইয়র্ক শাখাও।
স্থানীয় সময় ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার পর (বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সকাল) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ি প্রাঙ্গনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা অবস্থান নিবেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। তাই তারা যে রায় দেবেন তা মাথা পেতে নেওয়াই শ্রেয়। কিন্তু প্রবাসেও জামাত-শিবিরের মদদে বিএনপি বাংলাদেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে।
“তা নস্যাতের জন্যে প্রত্যেক কর্মীকে সজাগ থাকতে হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে সব কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
