যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির দুই গ্রুপের বাকবিতণ্ডা
যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগঠন চট্টগ্রাম সমিতির এক গ্রুপের বিরোধিতায় ভণ্ডুল হয়েছে আরেক গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলন। পরে পুলিশের মধ্যস্থতায় দুই গ্রুপের বাকবিতণ্ডা শেষ হয়।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নেতৃত্বাধীন গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
সেলিম গ্রুপের সমর্থকরা অভিযোগ করেন, এসময় জিয়ার সমর্থকরা একযোগে মঞ্চে উঠার চেষ্টা করেন ও সংবাদ সম্মেলনের ব্যানার খুলে ফেলেন।
এঅবস্থায় সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মঞ্চে দাঁড়িয়ে থাকলেও তার সমর্থকরা ধাক্কাধাক্কি ও গালাগালি করেন বলে জিয়া গ্রুপের সমর্থকরা অভিযোগ করেন।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আব্দুল হাই জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমিতির সিদ্ধান্ত ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৪ হাজার ৬২২ ডলার সরিয়েছেন সাধারণ সম্পাদক মো. সেলিম ও কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল। এ অর্থ তারা আত্মসাতের উদ্দেশ্যে সরিয়েছেন। এখন তারা আমার অজ্ঞাতে সংবাদ সম্মেলন করে সমিতির সদস্যদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছিলেন।”
‘সংবাদ সম্মেলনে বাধা দিলেন কেন?’ এ প্রশ্নের জবাবে জিয়া বলেন, “চট্টগ্রাম সমিতির ব্যানার ব্যবহারের সুযোগ অন্যদের নেই। তাই সম্মেলনে বাধা দিলাম।”
প্রবাসীদের ধারণা, নিউ ইয়র্কের ব্রুকলিনে চট্টগ্রাম সমিতির মালিকানাধীন চারতলা ভবনের অ্যাপার্টমেন্ট থেকে মাসিক ভাড়া আদায়কে কেন্দ্র করে এ দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এপ্রসঙ্গে সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “সাবেক সভাপতি কাজী আজমের মদদে বর্তমান সাধারণ সম্পাদক মো. সেলিম ও কোষাধ্যক্ষসহ কয়েকজন ভুয়া ভাউচারে সমিতির অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন। কয়েক বছর আগে কাজী আজম দায়িত্ব পালনের সময়েও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। সেই হিসাব এখনও পাননি সদস্যরা।”
এর আগে গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম সমিতির ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুল হাই জিয়া অভিযোগ করে বলেছিলেন, “কাজী আজমের মদদেই সমিতির অর্থ সরিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে শীঘ্রই আমরা আদালতে যাবো।”
গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত সমিতির নির্বাচনে জিয়া-সেলিম প্যানেল বিজয়ী হন। তবে এ নির্বাচনে ‘নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ’ ছিলো বলে প্রবাসী কমিউনিটির অভিযোগ রয়েছে।
