জাতিসংঘে দারিদ্র নির্মূল বিষয়ক আলোচনায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে ‘সকলের জন্য টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে দারিদ্র্য নির্মূল কৌশলসমূহ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার স্যোসাল ডেভেলপমেন্ট কমিশনের ৫৬তম অধিবেশনের আওতাধীন এ আলোচনায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের উত্থাপিত রিপোর্টে বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অতি দরিদ্র্যতা হ্রাস, মেয়েদের স্কুলে ভর্তি ও মেধার উন্নয়ন, নারীর ক্ষমতায়নে পোষাক শিল্পের ভূমিকা, নবজাতক, শিশু ও মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের অর্জন স্থান পায়। বাংলাদেশের এ সংক্রান্ত উন্নয়ন তুলে ধরার জন্য রাষ্ট্রদূত মাসুদ তার বক্তব্যে জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত মাসুদ বলেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ফলে মানব উন্নয়ন সূচক বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্র্য বহুলাংশে কমেছে। দারিদ্র্যের হার কমে ২৩ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যা ১৯৯১ সালে ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। জিডিপি হার প্রায় এক দশক যাবত আমরা ধারাবাহিকভাবে ৬ শতাংশের উপরে রাখতে পেরেছি। এ হার ২০১৬-১৭ অর্থ বছরে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা পূর্ববর্তী বছরে ছিল ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার। এমডিজি অর্জনে বাংলাদেশের ব্যাপক সফলতা এসডিজি’র অর্জনকে ত্বরান্বিত করছে।”
রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, “আমরা আমাদের বাজেটের ১৩ শতাংশ সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করছি। নারী, যুব, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সকলকে সাথে নিয়ে আমরা সামগ্রিক উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছি যাতে কেউ পেছনে পড়ে না থাকে।”
রাষ্ট্রদূত মাসুদ বলেন, “এসকল উন্নয়ন সত্ত্বেও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ফলে আমরা আর্থ-সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছি যা আমাদের চলমান উন্নয়ন প্রচেষ্ঠায় একটি বড় বাধা। এ সঙ্কট উত্তরণে মিয়ানমার সরকারের সাথে আমরা দ্বি-পাক্ষিকভাবে কাজ করে গেলেও এর স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সম্পৃক্ততার অব্যাহত পর্যবেক্ষণ প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।”
এজেন্ডা ২০৩০ অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্র, উন্নয়ন অংশীদার, বেসরকারি খাত, সিভিল সোসাইটিসহ সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মাসুদ বিন মোমেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
