খালেদার রায় ঘিরে যুক্তরাষ্ট্রে আ.লীগ ও বিএনপির কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের তারিখ সামনে রেখে যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের একদিন পর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র বিএনপিও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগের ঘোষণায় ‘খালেদা জিয়ার বিচার প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে’ দাবি করে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে জ্যাকসন হাইটসে রাতভর নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি রয়েছে।
অন্যদিকে ‘বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ দাবি করে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ ফেব্রুয়ারি জাতিসংঘের সামনে বিক্ষোভ ও ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে জ্যাকসন হাইটসে রাতভর অবস্থান।
পাল্টাপাল্টি এ কর্মসূচিতে উভয়পক্ষ থেকেই বড় ধরনের শো ডাউনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বিষয়টি ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ও পুলিশের গোচরে আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন
অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবারো এক দলীয় নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার জঘন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের আচরণকে প্রবাসীরা কখনোই মেনে নেবে না। জাতিসংঘসহ আমেরিকানদের কাছে বাংলাদেশের প্রকৃত অবস্থা জানাতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।”
এর আগে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্যাপিটাল হিলে দেওয়া এক স্মারকলিপিতে ‘বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ বলে উল্লেখ করা হয়েছে বলে জানান লতিফ সম্রাট।
কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষ এবং এ মামলার রায়ে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ নেই। এটা আমরা মার্কিন প্রশাসন ও প্রবাসীদের জানিয়েছি।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
