অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে বিএনপি
জিয়া এতিমখানা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বিএনপির অস্ট্রেলিয়া শাখা।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় ওই ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাছান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার ব্যবস্থার প্রতিবাদে চলমান কর্মসুচির অংশ হিসেবে এই ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হবে। সকল সচেতন প্রবাসী বাংলাদেশীকে কর্মসূচিতে অংশগ্রহণ করে নৈতিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি ওইদিন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও হাতে নিয়েছে সংগঠনটি।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় দেওয়ার কথা রয়েছে।
