২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হামলায় জ্ঞান হারানো মুক্তিযোদ্ধার মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় জ্ঞান হারানোর চার মাস পর মারা গেছেন মুক্তিযোদ্ধা শাহ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 12:02 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক সিটির সেন্ট জন্স এপিসকোপাল হাসপাতালে জ্ঞান হারানো অবস্থায় ১২৩ দিন থাকার পর মারা যান মো.শাহ আলম (৭২)।

শাহ আলমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নজিবপুররে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে বলে জানান কুষ্টিয়া জেলা সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান। শুক্রবার সকালে মরদেহ দেশে পৌঁছাবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান মুক্তিযোদ্ধা শাহ আলমের কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় মুড়িয়ে দিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

এ সময় তিনি বলেন, "মুক্তিযোদ্ধা শাহ আলম বাংলাদেশের অহংকার করার মতো নাগরিকদের মধ্যে একজন ছিলেন। সে বিবেচনাতেই তার লাশ বাংলাদেশে নেয়ার  খরচ বাংলাদেশ কন্স্যুলেট বহন করার সিদ্ধান্ত নিয়েছে।"

ছিনতাইকারি কর্তৃক গুরুতরভাবে আহত হবার সংবাদ জেনেই মুুক্তিযোদ্ধা শাহ আলমের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালেও গিয়েছিলেন কন্সাল জেনারেল।

এ সময় কফিনে স্যালুট জানিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, সেক্রেটারি রেজাউল বারী, নির্বাহী সদস্য লাবলু আনসার, মনির হোসেন ও আবুল বাতেন।

Image
মো.শাহ আলম

মো.শাহ আলম

কুষ্টিয়া জেলা সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান জানান, জানাজার পরই মুক্তিযোদ্ধা শাহ আলমের লাশ জেএফকে এয়ারপোর্টে নেওয়ার আগে ফিউনারেল হোমে রাখাসহ আনুষঙ্গিক সকল খরচ বহন করেছে কুষ্টিয়া জেলা সমিতি।

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার বাসায় ফেরার সময় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই দুর্বৃত্ত তার সেলফোন ছিনতাই করে। এ সময় বাধা দিলে শাহ আলমকে আঘাত করে দুর্বৃত্তরা। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেলে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি।

পরে তাকে প্রথমে জ্যামাইকা হাসপাতালে ও সেখান থেকে এলমহার্স্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। ১২৩ দিন ধরে অচেতন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত দুই দুর্বৃত্তকে শনাক্ত করে সপ্তাহখানেকের মধ্যেই গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হলো- শাইকুয়াল কিম্বেল ও জলিল স্টিলি। উভয়কেই জামিনহীন আটকাদেশ দিয়ে জেলে রাখা হয়েছে।

শাহ আলমের মৃত্যুর ঘটনায় আটক দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক লাভলু আনসার, নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি গিয়াসউদ্দিনসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!