২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর রেমিটেন্স চার্জ মওকুফের আশ্বাসের বাস্তবায়ন চান আমিরাত প্রবাসীরা

বিদেশ থেকে দেশে প্রবাসীদের টাকা পাঠানোর সরকারি মাশুল কমানোর ব্যাপারে অর্থমন্ত্রীর দেওয়া ঘোষণা বাস্তবায়ন হলে রেমিটেন্স প্রবাহ আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 09:07 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সুযোগও হাতছাড়া করবেন না প্রবাসীরা।

বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, "গার্মেন্টস সেক্টরকে ১৫-২০ শতাংশ সাবসিডির প্রণোদনা দিয়ে যেখানে উৎসাহিত করা হয়, তেমনি আমাদের পাঠানো রেমিটেন্স দিয়ে যেখানে দেশের অর্থনীতির চাকা ঘোরে সেখানে রেমিটেন্স পাঠানোর ফি মওকুফের মত ছোটখাট প্রণোদনা প্রবাসীরা পেলে তাতে তারা অনেক খুশি হবেন।”

Image
আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহীর কার্যালয়

আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহীর কার্যালয়

গত অক্টোবরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কোনও চার্জ বা মাশুল না নেওয়ার উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন তিনি বলেছিলেন,  প্রবাস থেকে টাকা পাঠাতে যে খরচ করে ব্যাংকগুলো,  তা সরকারের তহবিল থেকে জোগান দেওয়া হবে।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে মাশুল না নেওয়ার এ সিদ্ধান্ত দ্রুতই বাস্তবায়নের কথা বলছেন প্রবাসীরাও।

আমিরাতে জনতা ব্যাংক এর প্রধান নির্বাহী আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসে যারা স্বল্প আয়ের মানুষ তাদের রেমিটেন্স প্রেরণ ফি মওকুফের এ চাওয়াটা সরকার পূরণ করলে তাতে প্রবাসীদের কাছে সরকারের ভাবমূর্তি আরো উন্নত হবে।"

Image
আমিরাত প্রবাসী রেমিটেন্স সৈনিকেরা

আমিরাত প্রবাসী রেমিটেন্স সৈনিকেরা

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদার বলেন, "অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যদি রেমিটেন্স ফি মওকুফ করা হয় তাহলে প্রবাসীরা উৎসাহিত হবেন এবং বৈধ চ্যানেলে অনেক রেমিটেন্স দেশে যাবে।"

আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আবু তাহের বলেন, "অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি রেমিটেন্স প্রেরণ ফি মওকুফ করা হয় তাহলে হুন্ডি বন্ধ হবে এবং রেমিটেন্স প্রবাহ আগের মত বাড়তে থাকবে।"

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!