কানাডার চিঠি: তুষারের দেশে আট বছর
ছোটবেলায় টিভিতে তুষারপাত দেখে মনে মনে তুষার দেখার একটা ইচ্ছে জেগেছিল। ভেবেছিলাম হিমালয়ের পাদদেশে গিয়ে একবার তুষার দেখে আসবো।
কিন্তু ভাগ্যবিধাতা নিয়ে গেল গরমের রাজ্য তামিলনাড়ুতে। লেখাপড়ার সুবাদে ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রায় ছয় বছর কাটিয়েছি এ রাজ্যের চেন্নাইতে। প্রচণ্ড গরমে টেবিলের রাখা বই-খাতাও মুড়িয়ে যেত। কোনোরকমে লেখাপড়া শেষ করে দেশে ফিরে এলাম। হিমালয়ের অনেকটা কাছে গিয়েও তুষার দেখার ভাগ্য হলো না।
আমার প্রায় সব বন্ধুরা ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছে সেই কবে। তাদের কাছে তুষারের গল্প, দেশের গল্প, টাকার গল্প শুনতাম। তাই মনে মনে একদিন সংকল্প করলাম, তুষারের দেশে যাওয়া চাই। আর সেই ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর কানাডার মাটিতে পা রাখলাম।
তীব্র ঠাণ্ডা আর তুষারঝড়ে কুপোকাত হয় কানাডার জনজীবন। তাপমাত্রা শূন্য হলেই মেঘের দেশে বৃষ্টি যেন তুষার হয়ে নামে। কিন্তু একটা বিষয় খুবই লক্ষ্যণীয় যে এতো তুষারঝড়েও কানাডার অর্থনীতির চাকা বেশ সচল। স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য সবই গ্রীষ্মের মতো গতিশীল। কানাডার দক্ষিণ-পূর্বে প্রচুর ঠাণ্ডা। উত্তরের দিকে ঠাণ্ডা কিছুটা কম এবং তুষারও কম। কিছু কিছু অঞ্চল আছে বারো মাসই ঠাণ্ডায় ঢাকা থাকে।
২০০৮ সালে ডিসেম্বর মাসে আমার তুষার দেখার স্বপ্নের দিনটি খুবই কাছ থেকে উপভোগ করেছি। খোলা মাঠে দাঁডিয়ে তুষার বৃষ্টিতে ভিজেছি, হাতে মেখেছি। ঝরতে দেখেছি তুষার বৃষ্টির ফুল। বলা যায়- প্রথম অনুভবে যা হয়। বছর বছর এভাবে চলছে। ধীরে ধীরে সেই তুষার দেখার আনন্দ ফ্যাকাসে হতে থাকে।
আর সেই সময়টায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় ঠাণ্ডায় হাত পা বরফ হয়ে যায়। আর যারা প্রাইভেটকার নিয়ে চলাফেরা করেন তাদের কষ্টও কম নয়। তুষার পরিষ্কার করে গাড়ি বের করতে হয়। ঠাণ্ডা ইঞ্জিন গরম করতে হয়। অনেক সময় গাড়ির জানালাও ঠাণ্ডায় খোলা যায় না।
আমার দুই মাসের মেয়ে মেধাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে অনেক বেগ পেতে হয়েছিলো এমন ঠাণ্ডায়। বাস, ট্রেন, মেট্রোতে হিটিং সিস্টেম থাকায় অনেক সুবিধা রয়েছে।
২০১১ সালে সবচেয়ে বড় ধরনের তুষারপাত হয় কানাডার মন্ট্রিয়েল শহরে। যে শহরে ২০০৮ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করছি। এ শহর কুইবেক প্রদেশের একটা বড় শহর। যে শহরে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর ও বড় গির্জাটি। যে গির্জা থেকে গোধূলিলগ্নের সূর্যাস্ত দেখতে খুবই মনোমুগ্ধকর। আর তা দেখতে ভিড় জমান অগণিত মানুষ।
প্রবাসী বাংলাদেশিরা এ শহরকে তাদের দ্বিতীয় বসবাসের স্থান হিসেবে বেছে নেন। সেই শহরে ২০০৮ সালে মাত্র দুইদিন অবিরাম তুষারপাতে জনজীবন থমকে গিয়েছিল। মূল রাস্তার মাঝখানে তুষার জমে কোমর পর্যন্ত হয়েছিল, যা ব্যবসা-বাণিজ্যেও আঘাত এনেছিল। এ তুষার পুরাপুরি পরিষ্কার করতে প্রায় মাসখানেক লেগেছিল।
তবে ঠাণ্ডা যতই হোক এ দেশের জনগণের কাছে তা সাধারণ। তাদের শিশুরা তুষারে খেলতে অভ্যস্ত। হকি থেকে শুরু করে অনেক রকম খেলা আছে এ তুষার জমা বরফে। সরকার তুষার পরিষ্কার করার গাড়ি নামিয়ে প্রতিনিয়ত তুষার পরিষ্কার করে, রাস্তায় নুড়ি-পাথর ছিটায় যাতে তুষার জমা বরফে কেউ পিছলে পড়ে না যায়। কোটি কোটি টাকা খরচ করতে হয় সরকারকে।
তবু এ দেশের অর্থনীতির চাকা সচল। আমাদের দেশে এখনো শীতবস্ত্রের জন্য মানুষ কষ্ট পান। ঠাণ্ডায় মানুষ মারা যায়। আমরা দক্ষিণ আমেরিকার প্রবাসীরা আটলান্টিকের পাড়ে বসে সেই কষ্টের সেই মানুষের কথা ভেবে নিজেরা কষ্ট পাই।
লেখক: সদস্য, বাংলাদেশ কানাডা প্রেস ক্লাব, প্রবাসী বাংলাদেশি
ই-মেইল: susant_123@yahoo.co.in
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
