লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের বর্ষপূর্তি
যুক্তরাজ্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ইউকে’র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কেক কেটে, আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তির করে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মারুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আনিস রহমান।
বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট ‘ডব্লিও ডব্লিও ডব্লিও ডট ডিইউ অ্যালামনাই ইউকে ডট অর্গ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনিস রহমান।
কোষাধ্যক্ষ সলিসিটর আবুল কালাম সংগঠনের অর্থায়ন সম্পর্কে জানান। বিশ্ববিদ্যালয়ের ৫০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো, তার ফলোআপ তুলে ধরেন।
কিছুদিনের মধ্যেই বৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করে তিনি বলেন, “যারা বৃত্তি প্রদানের জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের অনেকেই ইতোমধ্যে নির্ধারিত অর্থ দিয়েছেন। যারা এখনও অনুদানের অর্থ দেননি, তারা জানুয়ারি মাসের মধ্যেই দেবেন বলে আশা করি।”
ওয়েব সাইট কমিটির পক্ষ থেকে সৈয়দ ইকবাল, এম এ রকিব, প্রশান্ত পুরকায়স্ত, বিধান গোস্বামী, চৌধূরী হাফিজুর রহমান ও অন্যান্যদের তত্ত্বাবধানে গঠিত ওয়েব সাইটের বিস্তারিত তুলে ধরেন তানভীর আহমেদ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মারুফ চৌধুরী উপস্থিত সকলের সম্মতিতে আগামী মে মাসে এজিএম অনুষ্ঠানের ঘোষণা দেন। এজিএমকে সফল করে তোলার জন্য আগামী মার্চ মাসে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
শুধাংসু দাসের তবলায় সঙ্গতের সাথে গান পরিবেশন করেন রিপা রকীব, কামাল উদ্দিন মিলন, সৈয়দা তামান্না, শামীমা হাফিজ, নওরীন সিদ্দিক, শাহান শাহ্, মারুফ চৌধুরী ও আনিস রহমান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২০১৬ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকের যাত্রা শুরু হয়। ২০১৭ সালের ৫ জানুয়ারি যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেড়শ’ সাবেক গ্র্যাজুয়েটের উপস্থিতিতে গঠিত হয় আহ্বায়ক কমিটি। বর্তমানে সদস্য সংখ্যা তিনশ’তে উন্নীত হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
