লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার ত্রিপলীতে ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির প্রথম পর্বে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)’র সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। সেখানে দুস্থ, অসুস্থ ও অসহায় অবস্থায় আটকে পড়া ৭৮ জন প্রবাসীর সাক্ষাৎকার নিয়ে তাদের রেজিস্ট্রেশন করা হয় এবং বিনা খরচে এ সকল প্রবাসীকে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। এছাড়াও শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয়।
এরপর ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সদস্য হওয়ার প্রক্রিয়া ও সদস্যদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা নিয়ে বিশদভাবে আলোকপাত করেন দূতাবাসের কর্মকর্তা মাধাই চন্দ্র কর্মকার।
কমিউনিটি ও অভিবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রকৌশলী মো.শাহজালাল, প্রকৌশলী মো.নাসির উদ্দিন ও বেনগাজী প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসাইন।
এরপর কাউন্সেলর (শ্রম) আ স ম আশরাফুল ইসলাম বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
