যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
স্থানীয় সময়শনিবার সকালে কনস্যুলেট ভবনে কনসাল জেনারেল মো.শামীম আহসান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচীর দ্বিতীয় পর্বে কনস্যুলেট মিলনায়তনে সন্ধ্যায় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল বিজয় অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানসহ জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের ত্যাগের কথা তুলে ধরেন। সেইসঙ্গে বিজয় অর্জনে সহায়তাকারী বন্ধু রাষ্ট্র ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ অন্যান্য বিদেশি বন্ধুদের ভূমিকাও তুলে ধরেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার ও সমাজকর্মী সেলিনা মোমেন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।
নিউ জার্সির প্যাটারসন শহরের মেয়র জেন ই.উইলিয়ামস-ওয়ারেন ও তার নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বাপা’র শিল্পীরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সংগীত শিল্পী তাজুল ইমামের উপস্থিতিতে পরিবেশন করা হয় গান, কবিতা, চিত্রকর্ম ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।
বিজয় দিবসে নিউ জার্সির প্যাটারসন শহরের মেয়র জানে ই.উইলিয়ামস-ওয়ারেন ও কনসাল জেনারেল যৌথভাবে মেয়র অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন যা সাতদিন উড্ডীন থাকবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
