প্রবাসে মৃত্যুর খবর এবং নিজ দেশের মাটিতে কবর
তিনমাস বেওয়ারিশ হয়ে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের হাসপাতালে পড়ে ছিলো প্রবাসী মোহাম্মদ সৈয়দের লাশ। জানা মাত্র আল আইন হাসপাতালে ছুটে গেলাম। নভেম্বরের শেষদিকে সংবাদটি লাশের ছবিসহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদটি প্রকাশ করার সাথে সাথে সেটি সোশাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়। আর তার পরেই পাওয়া যায় লাশের পরিচয় ও বিস্তারিত।
৭ থেকে ৮ ঘণ্টার মধ্যেই মো. মামুন নামে এক ব্যক্তি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেইসবুকে। মামুন নিহত মোহাম্মদ সৈয়দের পুত্র।
খবর প্রকাশের আগে কোনওভাবেই তারা জানতে পারছিলেন না, তার বাবার ভাগ্যে কী ঘটেছে! ফেইসবুকের আলাপচারিতায় জানা গেলো, ৫৪ বছর বয়সী মোহাম্মদ সৈয়দ ছিলেন ওমানে। সেখান থেকে অবৈধ পথে তিনি আরব আমিরাতে আসেন।
৩০ অগাস্ট এদেশে এসে তিনি ১ সেপ্টেম্বর স্থানীয় পুলিশে ধরা দেন। ভাগ্যের পরিহাসে ২ সেপ্টেম্বর মোহাম্মদ সৈয়দ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।
৩ সেপ্টেম্বর আল আইন হাসপাতালে (আগে জিমি হাসপাতাল নামে পরিচিত ছিল) হৃদরোগে আক্রান্ত তিনি মারা যান। এরপর প্রায় ৩ মাস অজ্ঞাত পরিচয় লাশ হিসেবে হাসপাতালের হিমঘরে ছিলো।
প্রবাসের মাটিতে মারা যাওয়া সৈয়দের পুত্র মামুন জানালেন তাদের পরিবারের দু:খের কথা।
তাদের বাড়ি চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহায়। মা জাহানারা বেগম, বিবাহিতা বড় বোন কোহিনুর আকতার, ছোট ভাই সাজ্জাদ হোসেন রাব্বীকে নিয়ে ওদের সংসার।
চট্টগ্রাম সরকারী মোহসীন কলেজ হতে সবেমাত্র বিবিএ পাশ করা ছাত্র মামুনকে এখন সংসারের হাল ধরতে কর্মজীবনে প্রবেশ করতে হবে।
বোনের বিয়ে এবং মৃত বাবার বিদেশে আসার জন্য রেখে যাওয়া ১০ লাখ টাকা ঋণের দেনা থেকে ধীরে ধীরে উদ্ধার করতে হবে পরিবারকে। তবে এজন্য ওর মনে কোনও আক্ষেপ নেই।
তিনি বললেন, “বাবা নিজে পড়াশোনার সুযোগ না পেলেও আমাদের লেখাপড়া করিয়েছেন। এ নিয়ে তার গর্বের শেষ ছিল না। তবু তার লাশ দেশে আসুক। শেষ দেখা দেখি।”
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২ টায় বিমান একটি ফ্লাইটে আবুধাবি থেকে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সম্পূর্ণ সরকারি খরচে মোহাম্মদ সৈয়দের লাশটি দেশে পাঠানো হয়।
আল আইন হাসপাতাল বা জিমি হাসপাতাল
কাজের এক ফাঁকে ওর ফেইসবু্ক প্রোফাইলে ঢুঁ মেরে দেখি সেখানের প্রোফাইল পিকচারের জায়গায় অন্ধকার ঝুলছে। ওর সাথে কথা বলার সময় বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।
প্রবাসে লাশ হয়ে পড়ে এরকম কতো সৈয়দের লাশই তো বেওয়ারিশ হয়ে দাফন হয়ে গেলো। আমরা আর কতোজনের খোঁজই বা করতে পারি। কতজনকেই বা পাঠাতে পারি নিজ দেশের মাটিতে দাফনের জন্য।
এই লেখা লিখতে লিখতেই খবর এলো আল-আইনে আরেক ৫৫ বছর বয়সী প্রবাসী এক ড্রাইভারের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় এক আরব মালিকানাধীন প্রতিষ্ঠানের ড্রাইভার।
লাশ পাঠাতে হবে, আর একটি পরিবারে মাতম শুরু হলো ।
পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে এমন মৃত্যু বড়ো নি:সঙ্গ। আর এ ধরনের সংবাদ যখন স্বজনরা শোনেন তখন তাদের মনের অবস্থা কী হয়, ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে!
মৃত ড্রাইভারের বন্ধুদের দূতাবাসে গিয়ে কী কী করতে হবে তা জানিয়ে, প্রবাসের আরেকটি নি:সঙ্গ রাত কাটাতে বিষণ্ন মনে আমি বিছানায় শুলাম।
লেখক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরব আমিরাত প্রতিনিধি
ইমেইল: banglavisionuae@gmail.com
