রাজস্থান কথন ও দিল্লী দর্শন
উট নিয়ে যত বিখ্যাত গল্প, উপন্যাস ও চলচ্চিত্র তৈরি হয়েছে তার বেশির ভাগই ভারতবর্ষ ও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এছাড়া আফ্রিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিশাল জায়গা জুড়ে এদের বসবাস।
গুগল ঘেঁটে দেখি উটের সাথে টপ্পা গানের যোগসূত্র আছে। উত্তর ভারতীয় সঙ্গীতে অর্ধ-শাস্ত্রীয় সঙ্গীত হিসাবে টপ্পা একটা বিশেষ স্থান দখল করে আছে। টপ্পা ছিল রাজপুতনার উট চালকদের গীত। কথিত আছে যে মধ্যপ্রাচ্য থেকে যেসব বণিক উটের পিঠে চেপে বাণিজ্য করতে আসতো, তারা সারারাত নিম্নস্বরে টপ্পার মতো একপ্রকার গান গাইতে গাইতে আসতো।
আর এখন যারা তাদের পূর্বপুরুষের এই ব্যবসা ধরে রেখেছে তাদের মাঝে কেউ কেউ এখনও টপ্পা গান করে থাকেন। রবি ঠাকুর নিজেও টপ্পা গীতি রচনা করেছেন। ভেবেছিলাম ট্যুরের মাঝে সময় করে লাইভ টপ্পা গান শুনে নিবো, কিন্তু তা আর হয়ে উঠেনি।
পরিকল্পনা ছিল অনেকদিন আগে থেকেই উত্তর ভারতের ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ ভ্রমণের। ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ মানে রাজস্থান, আগ্রা ও দিল্লী। মানচিত্রে দেখলে জায়গাগুলোর অবস্থান অনেকটা ত্রিভুজাকৃতির দেখায় বলে তা ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ নামে বেশ পরিচিত। সময় সুযোগ করা যাচ্ছিলো না বলে অনেকদিন ধরে মনের মাঝে এই ভ্রমণান্দ ঝুলে ছিল। এবার ঝুলে থাকা ভ্রমণান্দকে বাস্তবে রূপ দিলাম।
আমাদের যাত্রা হলো শেষ প্রান্ত থেকে মানে রাজস্থানের জয়পুর দিয়ে। আগে থেকে সব ঠিকঠাক করা ছিলো বলে আমাদের তেমন বেগ পেতে হয়নি। বরং ভ্রমণে আনন্দ বেড়ে গিয়ে হয়েছিলো দ্বিগুণ। ড্রাইভার কার্টার সিং আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জয়পুর এয়ারপোর্টে। এক্সিট দিয়ে বের হয়ে দেখি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, বুঝে গেলাম এই সেই মি. সিং।
ঢেউ খেলানো চুলগুলো বেশ সিঁথি করা আর সাদা-কালোর মিশেলে বাহারি গোঁফ দেখে অনুমেয় পঞ্চাশ ছুঁইছুঁই উনার বয়স। মি. সিং অনেক ঠাণ্ডা মাথার লোক। মুখে হাসি যেন সবসময় লেগেই থাকে। মন খারাপের যে একটা বিষয় আছে তা মি. সিংকে দেখলে বুঝার উপায় নেই।
উনি আবার ভেজিটেরিয়ান। চা, সিগারেট ও পান কোন কিছুতেই তার নেশা আছে বলে মনে হয় না। তবে তার ভ্রমণজনিত ক্লান্তিতে চা পানের অভ্যাস আছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু বিরতি নেন আর গলা ভেজান চা দিয়ে। উনার উছিলায় আমরাও চা খাই।
যা হোক, এই মি. সিং এর সময়-জ্ঞানের তারিফ না করলেই নয়। যখন যেখানে যে সময়ে উনাকে চেয়েছি ঘড়ি ধরে মি. সিং গাড়ি নিয়ে হাজির হয়ে যেতেন। প্রথম দিন সকালে যাত্রা করলাম রাজস্থানের জয়গড় দুর্গের উদ্দেশ্যে। পাহাড়ঘেরা দীর্ঘ বারো কি.মি লম্বা প্রাচীরঘেরা এই প্রাসাদ। অনেকে এই প্রাচীরকে ভারতের ‘গ্রেট ওয়াল’ বলে থাকে।
লেখক ও তার পরিবার
মজার ব্যাপার হলো তখন প্রাসাদের রঙ করা হতো পাতা, ফলমূল আর শাকসবজির নির্যাস দিয়ে। ভাবা যায় চারশ’ বছরের বেশি পুরনো এসব প্রাচীরের রঙ এখনো অক্ষত আছে! ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এখন এর দেখভালের দায়িত্বে আছে।
এসবের বিস্তারিত জানার জন্য ভালো ট্যুর গাইড না হলে মুশকিল। আমাদের গাইড ছিল ইতিহাসে দক্ষ। প্রাসাদের প্রতি পদক্ষেপের বর্ণনা যেন তার ঠোঁটের আগায়। মুগ্ধ নয়নে চারদিকে তাকাই আর গাইডের কথার মিল খুঁজে পাই। পুতুল নাচ, উট ও হাতি চড়াও রাজস্থানের বিশেষ আকর্ষণ। অনেকে আবার মূল রাস্তা থেকে প্রায় আধা কিমি দূরত্বে মূল প্রাসাদে আসেন হাতি চড়ে।
প্রাসাদের গেইটে হাতিসহ অতিথিকে বাজনার মাধ্যমে সাদর সম্ভাষণ জানানো হয়। বাজনার মাঝেও যেন রাজকীয় ভাব লুকিয়ে আছে। বাহারি ছন্দ আর ঘণ্টার তালে তালে বাজনা। বোধহয় হাতিগুলো এই বাজনাতেই আপন শক্তি খুঁজে পায় আর হেলেদুলে অতিথিকে নিয়ে সামনে পা বাড়ায়।
এখানে বলে রাখি, হিন্দি চলচ্চিত্র ‘যোধা আকবর’ ও ‘মুঘল-ই-আযম’ এর কাহিনীও এই প্রাসাদে চিত্রিত হয়েছে বছর কয়েক আগে। ভাবলাম এখানে আসলাম আর রাজস্থানি পোশাক না পরলে কেমন হয়! তাই প্রচণ্ড গরম সহ্য করে হলেও তার স্বাদ নিলাম ক্ষণিকের জন্য। এছাড়া যা যা দেখার সৌভাগ্য হয়েছে- জাল মহল, সিটি প্যালেস ও হাওয়া মহল। প্রাচীন শহর জয়পুর আবার মূল্যবান পাথর ও গ্রানাইটের জন্য বিখ্যাত।
জয়পুর শেষে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করলাম। যাত্রা পথে ফতেপুর সিকরিতেও ঢুঁ মেরে গেলাম। আগ্রা ছোট শহর। রাস্তার দু’পাশে হোটেল আর হোটেল। পর্যটন কেন্দ্রিক ব্যবসা ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। ড্রাইভার সিংকে নিয়ে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় শহরটা একটু ঘুরে দেখার জন্য। কিছুক্ষণ পর সিং এর কড়া বার্তা, স্যার এখানে রাত আটটার মাঝে সব দোকান বন্ধ হয়ে যায়। তাই দেরি না করে তাড়াহুড়ো করে খাবার প্যাকিং করে হোটেলে ফিরলাম।
পরদিন সকালে রওয়ানা দিলাম তাজমহলের দিকে। হোটেল থেকে আনুমানিক দুই কি.মি হবে। দশ মিনিট ড্রাইভ। সেদিন আগ্রার তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি আর সাথে পাল্লা দিচ্ছিল আদ্রতা। সুতরাং ব্যাপারটা অনুমেয় যে কেমন অস্বস্তিকর পরিবেশ। গেইট থেকে মূল সমাধি বা মাজার পর্যন্ত দূরত্ব চারশ’ মিটার যা কিনা পায়ে হেঁটে যেতে হয়।
আমির ফোর্ড
মমতাজ ছিল সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনও সন্তান ছিল না। মমতাজের ছিল ছয় ছেলে-মেয়ের সংসার। অসুস্থ অবস্থায় মমতাজ একদিন শাহজানকে তিনটি প্রতিজ্ঞা করিয়েছিলেন- ১. সব ছেলেমেয়েদের আজীবন দেখাশুনা ও ভরণ-পোষণ করতে হবে, ২. আমি (মমতাজ) মরে যাবার পর আর কাউকে বিয়ে করা যাবে না এবং ৩. আমার জন্য এমনভাবে একটি মহল বানাতে হবে যা কিনা দুনিয়াতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। এরই ফলে আজকের তাজমহল, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল মমতাজ মারা যাবার ছয় মাস পর।
মমতাজকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষায় সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। অবশ্য এটা না করে উপায়ও ছিল না। কারণ ততদিনে তার সন্তানরা অনেক বড় হয়ে গেছে। সুতরাং শাহজাহান যে মমতাজের প্রেমে শুধু ডুগডুগি বাজিয়েছিল তা কিন্তু না। মমতাজ চেয়েছিল তার সন্তানরা যেন এই সাম্রাজ্য ভোগ করে এবং অন্য কেউ যাতে এতে ভাগ না বসায়। শাহজাহানও পরে চেয়েছিল নিজের স্মৃতি রক্ষার্থে তাজমহলের পেছনে যমুনার ওপারে আরেকটি শাহজাহান মহল বা ব্ল্যাক মহল বানাতে। আর এই দুই মহলের সংযোগ হবার কথা ছিল স্বর্ণের ব্রিজ দিয়ে মোড়ানো।
সে অনুযায়ী কাজও শুরু হয়েছিল যমুনার ওপারে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শাহজাহানের ছেলে তাতে বাঁধা হয়ে দাঁড়ায়। ফল যা হবার তাই। ক্ষমতা নিয়ে বাবাকে তেরো বছর কারাবন্দি করে রাখে জনগণের টাকা খরচ করে বিশাল এই অট্রালিকা বানানোর পরিকল্পনার দায়ে।
আজও যমুনার ওপারে এর চিহ্ন পড়ে আছে। কথিত আছে যে, তাজমহল বানাতে খরচ হয়েছিল চার কোটি রুপি, শুধু স্বর্ণের দাম আর শ্রমিক খরচ। ভাবা যায় তাজমহলের মাঝের গম্বুজের উপরে যে মুকুট দেখা যায় তার উচ্চতা ত্রিশ ফুট! এই মহলের উপরের দিকে যতো মুকুট আছে তার সবই ছিল স্বর্ণের। এখানে ছিল বলার কারণ হলো ব্রিটিশরা যাবার আগে এসব মুকুট খুলে নিয়ে গেছে নিজেদের ভাণ্ডারে। তাই এখন যা আছে তার সবই ডামি মেটালে তৈরি।
শাহজাহানের মৃত্যুর পর অবশ্য তার মেয়ের মধ্যস্ততায় তাজমহলেই মমতাজের পাশে শাহজানের সমাধির ব্যবস্থা হয়।
তাজমহল
পঞ্চ ধাতুতে তৈরি মূর্তিগুলো যেন জীবন্ত আর মানুষের মাঝে প্রতিনিয়ত মায়ার দ্যুতি ছড়াচ্ছে। রাতের বেলায় এর সৌন্দর্য আবার অন্যরকম। সমস্যা শুধু এখানে ভেতরে কোন বৈদ্যুতিক যন্ত্রপাতি নেওয়ার অনুমতি নেই। জীবন যেহেতু এখন মোবাইলের ক্লিকের মাঝে বহমান তাই স্মৃতিরাও কবে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেছে। অল্প সময়ের মাঝে তাই সব স্মৃতিতে ধরে রাখা সম্ভবও ছিল না। স্মৃতির ফেরিওয়ালারা অবশ্য আবার তা ভালভাবে ফেরি করে বেড়ায়।
দিল্লীকেও যে এবার বিদায় জানাতে হয়। মি. সিং ঝিরঝির বৃষ্টিতে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে। নতুন এই এয়ারপোর্ট বেশ ঝকঝকে তকতকে। দেখে বুঝা যায় এর বয়স তেমন বেশিদিন গড়ায়নি। গাড়ি থেকে নামার কিছুক্ষণ আগে সিং একটা ফরম ধরিয়ে দিয়ে বলেন, স্যার প্লিজ এটা পূরণ করে দিন। ততক্ষণে বুঝে গেলাম এবার সিংকেও বিদায় বলার সময় এসে গেছে। উনি হাত নেড়ে আমাদের হাসিমুখে বিদায় জানালেন। কে জানে হয়তোবা অন্য কোন টুরিস্ট অপেক্ষা করছে তার জন্য এয়ারপোর্টে!
জয়পুর থেকে দিল্লী এই সময়টায় আমরা যে এখানে নতুন অতিথি তা মি. সিং এর কল্যাণে বুঝা যায়নি। ট্যুরিজমের সাথে এসব সিংরা আজও আছেন বলেই ভ্রমণ-পিপাসুরা নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানোর সাহস পান।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল: sujcee@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
