বন্যা দুর্গতদের পাশে জাপান প্রবাসীরা
বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনে এগিয়ে এসেছে জাপান প্রবাসী বাংলাদেশিরা।
জাপানের টোকিওতে বসবাসরত গবেষক মো.আব্দুল ওয়ারেছ ও মো.হাসনাত রহমানের তত্ত্বাবধানে জাপান প্রবাসী বাংলাদেশিরা বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ দিনাজপুর এবং জয়পুরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বণ্টন করা হয়।
গত ২৮ অগাস্টে দিনাজপুরের মাধবপুর, মণ্ডলপুরে ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করেন ‘হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলেকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো.আবু সাঈদ। ৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়।
সাংসদ সামছুল আলম দুদু বলেন, “দূর প্রবাসে থেকেও যারা এলাকার বানভাসি মানুষের জন্য সাহায্য পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।”
সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১২০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও আধা কেজি করে তেল দেওয়া হয়।
ওয়ারেছ বলেন, “আসলে সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। তাই এ পদক্ষেপ। দাতাদের স্বতঃস্ফূর্ত অবদান ও প্রেরণা আমাদেরকে অনেক সাহস সঞ্চার করেছে।”
এছাড়াও জাপানের ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইতামা ইউনিভার্সিটি’র সদস্যরা অর্থ সংগ্রহ করে সম্মিলিতভাবে সাঈদের নেতৃত্বে দিনাজপুরে বণ্টনের ব্যবস্থা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
