২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশ কনভেনশন শুরু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 11:32 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেলোজিনো মিলনায়তনে এ কনভেনশনের উদ্বোধন করেন ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি নেতা এম এ সালাম।

রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ অবসানে মার্কিন ও জাতিসংঘ প্রশাসনে লবিং জোরদারের পাশাপাশি বাঙালি সংস্কৃতির বিকাশে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে এ কনভেনশনে।

কনভেনশনের মূলমঞ্চের সামনে প্রয়াত কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সদ্য প্রয়াত আরেক কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ ও লাকী আকন্দের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ডিন সিরাজুল ইসলাম, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীবসহ আরও অনেকে।

কনভেনশনের উদ্যোক্তা ও কনভেনর আলমগীর খান আলম স্বাগত বক্তব্যে বলেন, “বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বদ্ধপরিকর প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই কনভেনশন। এজন্যেই এ কনভেনশনের স্লোগান হচ্ছে- প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়।”

তিনি উল্লেখ করেন, “বিষয়ভিত্তিক সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা, দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই কনভেনশনের মূল কর্মসূচি। এছাড়াও থাকবে বাঙালি খাদ্য আর পণ্যের মেলা।”

উদ্বোধনী বক্তব্যে এম এ সালাম বলেন, “প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের দূত। বাংলাদেশের স্বার্থে তারা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন-এটাই প্রত্যাশা। বাংলাদেশ কনভেনশনে তেমন চেতনার প্রতিফলন ঘটবে বলে আশা করছি।”

উদ্বোধনী আলোচনার পরই ‘হৃদয়ে একাত্তর’ শীর্ষক সেমিনার হয় সেক্টর কমান্ডার্স ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার সহযোগিতায়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

সেমিনারে আলোচনা করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী ও মুক্তিযোদ্ধা এম এ আওয়াল।

প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শুক্র, শনি ও রোববার এ কনভেনশন অনুষ্ঠিত হওয়ায় এবার দ্বিতীয়বারের মতো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঈদ থাকা সত্ত্বেও বাংলাদেশ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের কনভেনশনের মিডিয়া পার্টনার ‘চ্যানেল আই’ ও ‘ঠিকানা’ পত্রিকা।

কনভেনশনের বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর এবং শহীদ হাসান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, মুক্তা সারওয়ার, বিউটি দাস, শাহ মাহবুব, সাইরা রেজা, শাহরিন সুলতানা, জাকারিয়া মহিউদ্দিন ও মীরা সিনহা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!