২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের পুণর্মিলনী

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে প্রথমবারের মতো পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 01:25 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

পুরনো খবর:

যুক্তরাজ্যে ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের নতুন সংগঠন

শনিবার পূর্ব লন্ডনের মে-ফেয়ার ভেন্যুতে বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মিলনমেলায় ১৯৫৭ সালের গ্র্যাজুয়েট থেকে শুরু করে বিভিন্ন দশকের শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র সাংবাদিক বুলবুল হাসান ও একই বিভাগের সাবেক ছাত্রী সৈয়দা সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি রহমান জিলানী ও সাধারণ সম্পাদক আনোয়ার খান।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থীকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়।

উৎসবে অংশ দিতে ইংল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন শহর থেকে সাবেকরা ছুটে আসেন। কর্নওয়াল থেকে আসা খালেদা আক্তার তার বক্তব্যে বলেন, “কলাভবন কিংবা টিএসসির আশ্চর্য সুন্দর দিনগুলো আজও আমাকে হাতছানি দেয়। আর সে কারণেই এই ছুটে আসা।”

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি গান শোনান সঙ্গীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ফাহমিদা নবী।

আয়োজকরা জানান, ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ আরো বড়ো পরিসরে উদযাপন করার লক্ষ্যে সংগঠনের সদস্যরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!