যুক্তরাজ্যে ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের নতুন সংগঠন
যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই ইন ইউকে’।
স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে নবগঠিত এ সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারদের নিয়ে পুনর্মিলনীর ঘোষণা দিয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বরে আয়োজিত ওই পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন বলে আশা করছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে উজবেকিস্থানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান।
মারুফ চৌধুরী এক লিখিত বক্তব্যে জানান, গত বছর ১৫ ডিসেম্বর লন্ডনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালুমনাই গঠনের লক্ষ্যে একটি প্রাথমিক সভা করা হয়। এতে প্রায় ৫০ জন যুক্তরাজ্য বসবাসকারী প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এরপর ৫ জানুয়ারি দেড়শ’ প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মারুফ চৌধুরী আরও জানান, সংগঠনে পঞ্চাশের দশকের শিক্ষার্থী থেকে সাম্প্রতিককালের শিক্ষার্থীও রয়েছেন। এখনও অনেক প্রাক্তন শিক্ষার্থী সংগঠনে নাম তালিকাভুক্ত করছেন। তিনি আশা করছেন এদের সংখ্যা চারশ’ ছাড়িয়ে যাবে।
অতিথি হিসাবে উপস্থিত রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, “দেশে ঢাকা বিশ্বদ্যিালয়ের অ্যালুমনাই-এর সাথে আমি জড়িত ৩০ বছর থেকে এবং এটার আজীবন সদস্যও আমি। শুধুমাত্র পুনর্মিলনী না করে স্কলারশিপ দেওয়া যেতে পারে, বিভিন্ন প্রজেক্ট করতে পারে, বাংলাদেশের সুনামকে বাইরে ছড়িয়ে দিতে পারে।’’
ব্যারিস্টার আনিস রহমান ওবিই বলেন, “এটি কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি দলমত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। রাজনীতির উর্ধ্বে থেকেই তারা কাজ চালিয়ে যাবেন।”
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দেওয়ান গউস সুলতান, আবু মুসা হাসান, আবুল কালাম, মির্জা আসহাব বেগ, তানভীর আহমদ ও বিধান গোস্বামী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
