২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর ঈদ: আঁত্তে বাঁশখালী যইতু মনে কয়

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এ কথা সবাই মানলেও প্রবাসীর জীবনে তার বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. সৈয়দনুর ইসলাম নাকীব, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

প্রবাসীদের ঈদ একটু অন্য রকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটা কষ্টের। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এ ঈদকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা-আকাঙ্খা আর প্রস্তুতির কমতি থাকে না। ঈদ আসে ঈদ যায়। কিন্তু প্রবাসী শ্রমিকদের কষ্ট এতটুকু কমে না।

বাংলাদেশে আমার জন্মস্থান বাঁশখালীতে, ফজরের আজানের পর দলবেঁধে ছুটাছুটি, দলবেঁধে পুকুরে গোসল করে, সামান্য মিষ্টিমুখ করে, নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া এখন শুধুই স্মৃতি। এখন আর নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলে না, সেমাই খেয়ে যাও। এখন আর নতুন জামা পরে সালাম করলে কেউ নতুন টাকার নোটগুলো হাতে উঠিয়ে দেয় না। এসবের একটাই কারণ- আর তা হলো আমি এখন বাংলাদেশ থেকে, আমার জন্মস্থান বাঁশখালী থেকে অনেক দূরে, মালয়েশিয়ার মরু প্রান্তরে।

প্রবাসে ঈদ মানে শুন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট। পবিবার পরিজন ছাড়া ঈদ যে কত কষ্ট তা একমাত্র প্রবাসীরাই বুঝে। সকাল হলেই ঈদ, এখনো আছি ডিউটিতে। শেষ রাতে গোসল সেরে সন্ধ্যা রাতের বাসি ভাত আর বাসি তরকারি খেয়ে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি। পূর্বাকাশে সূর্য মামার দেখা পাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় ঈদের নামাজ। এর মাঝে আসতে শুরু করবে দেশ থেকে আপনজনদের মিসড কল আর ক্ষুদে বার্তা।

প্রবাস জীবনের আলো আধাঁরির বিষন্ন ছায়া আর চাপধরা এক কঠিন নিরবতা হাহাকার হয়ে আমাকে গ্রাস করে। অসহনীয় এক একাকীত্ব দিনে-রাতে আমাকে জাগিয়ে রাখে। এই প্রবাস জীবন!

প্রবাস জীবনে কেউ দুঃখ পায় না, কারণ দুঃখ পেতে আপনজনের প্রয়োজন হয়। আপনজন ছাড়া অন্য কেউ দুঃখ দিতে পারে না। দুঃখ ও কষ্টের মাঝে যে বিশাল ব্যবধান তা প্রবাসীদের মতো অন্য কেউ অনুভব করতে পারে না। প্রবাসীরা যা অর্জন করেন সেটা অর্থ কিংবা শিক্ষা যাই হোক না কেন সেটা তার অতুলনীয় কষ্টের ফসল ছাড়া কিছুই নয়।

জীবিকা ও জীবনের তাগিদে, সোনালি স্বপ্নের হাতছানিতে মানুষ প্রবাসী হয়। হাজার কষ্ট মেনে নিয়েও দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চায়।

প্রবাসের ব্যস্ত সময় বয়ে যাচ্ছে সময়ের নিয়মে, শ্যামল সবুজ বাংলার বহতা নদীর মতো। সময়ের সাথে জীবনের অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু যার গেছে সেই জানে কীভাবে গেছে। আমি অন্তঃস্থল থেকে উপলব্ধি করি আমার বাঁশখালীকে, আমার জীবনে যাকে না পেলে পুরো জীবনটা অসমাপ্ত রয়ে যেতো। যাকে উপলব্ধি করি আজো নিদ্রাহীন একাকী দুপুরে, বিষন্ন সন্ধ্যায়।

সময়ের ব্যবধানে জীবনের দায়বদ্ধতার খাতিরে আপনজন থেকে দূরে থাকলেও ধরাছোঁয়ার বাইরে নেই দেশের উজ্জ্বল, ভাস্বর অসংখ্য সব স্মৃতি। কিছুদিন ধরে কাজের চাপে আমার আদরের ছোট ভাই আব্দুনুর, ছোট বোন তাসমিনের সাথে ফোনে কথা হচ্ছে না। হঠাৎ ছোট বোন নাছিমা কল রিসিভ করে মাকে দিলো। এতো কষ্ট আর বেদনার ভাষা, সেটা কীভাবে বুঝাবো?

স্বপ ছিল বাঁধব ঘর প্রবাসী আমায় করলো পর। আমার প্রবাস জীবনে যে ব্যাপারটি বুঝেছি, তা হচ্ছে বন্ধুর উপস্থিতির চাইতে তার অনুপস্থিতি বেশি উপলব্ধি করা যায়। বন্ধু হচ্ছে ছায়াদানকারী বৃক্ষের মতো। বৃক্ষ যেমন কর্মক্লান্ত পথিককে তার শীতল ছায়া দিয়ে ক্লান্তি দূর করে, তেমনি বন্ধুও তার ভালবাসা আর বিশ্বাস দিয়ে বন্ধুকে আগলে রাখে সুখে-দুঃখে, হাসি-কান্নায় আর আনন্দ বেদনায়।

এ প্রবাসে যার উপস্থিতি আমাকে অনুপ্রেরণা দেয়, যে আমার জীবনের প্রতিটি রক্তকণিকায় প্রবাহমান, যার ঋণ আমার শরীরের রক্ত দিয়ে হলেও শোধরাতে পারবো না- সেই বন্ধু মিজান, আরিফ, আরও দু’জন শ্রদ্ধেয় লোকমান স্যার ও ওমর ফারুক ভাইয়া। আর একজন নতুন বন্ধু-এনামুল হক, তার কাছে আমার অনেক ঋণ।

আজ প্রবাসে একাকী নির্জন রাতের আকাশে হাজার তারার ভিড়ে হারানো বন্ধুদের অনুভব করি। আমার এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে মিশে যেতে চায় বাঁশখালীর হারানো অতীতে। সময়ের পরিবর্তনে মনও বদলে যায়, বদলে যায় ধ্যান-ধারণা। জাগতিক পৃথিবীর রূঢ় বাস্তবতা বুঝে যাওয়ার পর এখন আর নতুন করে বন্ধু খুঁজি না। তারপরও বন্ধুত্বের জন্যে মনটি হাহাকার করে।

দেশে অনেকদিন থেকে আসার পর যাদের জীবনের পরবর্তী সময় প্রবাসে কাটে, তাদের সেখানে অনেক চেনামুখ জোটে, কিন্তু বন্ধু জোটে না। বন্ধুদের জন্যই ফিরে আসতে ইচ্ছে হয় স্বদেশে। আজ এ ঈদের ছুটিতে বাঁশখালীর বন্ধুদের মনে পড়ে। মা-বাবা, ভাই-বোনদের মনে পড়ে।

লেখক: শিক্ষার্থী, লাইফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ, মালয়েশিয়া

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!