সুইডেনে বিএনপির বিক্ষোভে বিশৃঙ্খলা
সুইডেনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে বিবাদে জড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
দুই দিনের সরকারি সফরে স্টকহোমে শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন, সেই গ্র্যান্ড হোটেল থেকে চার কিলোমিটার দূরে কালচারাল সেন্টারের সামনে বৃহস্পতিবার দুই ঘণ্টার জন্য বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন।
কেন্দ্রীয় বিএনপির একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের সামনে নিজেদের উপদলীয় কোন্দলে শেষমেশ বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয় সেই বিক্ষোভ সমাবেশ।
সুইডেন ছাড়াও যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন।
সকাল ১০টায় শুরু হওয়া বিক্ষোভে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে বিএনপি নেতা-কর্মীদের। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও এসেছে তাদের মুখ থেকে।
গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিএনপির বিক্ষোভ দেখা গেছে ইউরোপের বিভিন্ন দেশে।
স্টকহোমে বিক্ষোভে প্রবাসের বিএনপি নেতা-কর্মীরা- ছবি: এহেছান লেনিন
ইউরোপের বিভিন্ন দেশে থেকে আসা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবাসে বিএনপির সক্রিয় অংশগুলোকে উপেক্ষা করে কমিটি গঠনের ফলেই এ ধরনের বিশৃঙ্খলা চলছে।
তারা এ বিষয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রয়োজনে ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনের পক্ষে মত দেন তারা।
স্টকহোমে উপস্থিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহীদুর রহমান বলেন, নিজেদের বিবাদ মিটিয়ে ফেলতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
‘ভুল বোঝাবুঝির’ কারণেই এরকম ঘটনা ঘটছে বলে তার দাবি। সক্রিয় নেতাকর্মীরা যেন কোনোভাবে বঞ্চিত না হন সেদিকে তারা খেয়াল রাখছেন বলেও জানান তিনি।
বিক্ষোভে অল্প সংখ্যক নেতাকর্মীর অংশ নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “আমাদের প্রোগ্রামগুলোতে এমনিতে বেশ নেতাকর্মী জড়ো হয়। তবে ইদানিং প্রধানমন্ত্রী এত ঘনঘন বিদেশ সফরে আসছেন, যে আমরা পেরে উঠতে পারছি না।”
স্টকহোমে বিক্ষোভে প্রবাসের বিএনপি নেতা-কর্মীরা- ছবি: এহেছান লেনিন
এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-ধাওয়ি শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসে। তখন সুইডেন বিএনপির নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
সুইডেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান সিকদার বলেন, “আমরা শান্তির পক্ষে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এটা শুধু দলের জন্য নয়, দেশের জন্যও মানহানিকর।”
বিক্ষোভ সমাবেশে মাহীদুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নেতা এম এ মালিক, সুইডেনের নেতা এমাদ হোসাইন কচি, নাজমুল আবেদিন মোহন, জাকির হোসেন, ফিনল্যান্ডের নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, সামসুল গাজী, জুলফিকার আলী সাগর।
এছাড়া বেলজিয়াম শাখার নেতা ইকবাল হোসেন বাবু, সুইজারল্যান্ডের নেতা কবীর মোল্লাহ, ফ্রান্সের নেতা এম এ তাহের, ডেনমার্কের নেতা গাজী মনির আহমেদ, ওমর ফারুক এবং জার্মানির নেতা মোশতাক খান বক্তব্য রাখেন।
