২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলেনের পাহাড়ের কোলে

হেলেন, পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নয়নাভিরাম একটি শহরের নাম। এই শহরটি জর্জিয়ার হোয়াইট কাউন্টির ‘চাট্টাহোচি’ নদী ঘিরে বিস্তৃত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত নওরিন, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 11:49 AM

Updated : 11 Oct 2022, 02:00 PM

পুরনো ও মৃতপ্রায় একটি শহর থেকে, আজকের এই শহরটির পুনর্জন্ম হয়েছিলো সেই ১৯৬৯ সালে। নতুনভাবে পুরো শহরটি তখন তৈরি করা হয়েছিলো জার্মানির বাভারাইন আলপাইন টাউনের আদলে।

তখন থেকেই এটি ‘জর্জিয়া আলপাইন ভিলেজ’ নামে পরিচিত। বাংলাদেশের চট্রগ্রামের মেয়ে হিসেবে প্রকৃতি ও পাহাড় ছিলো আমার চিরকালীন মুগ্ধতা। আটলান্টায় বছরখানেক থাকার সুবাদে প্রায় সবার মুখে শুনে সেখানে যাওয়ার ইচ্ছে আমার বেড়ে গেলো।

শুক্রবারের এক দুপুরে আমার হাজবেন্ডকে দেখলাম, অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় চলে এলো। এসেই আমাকে বললো, চলো চলো সবাই তৈরি হও, আমরা আজ হেলেন যাব।

আমিতো অবাক! জিজ্ঞেস করলাম- আজ? এখন?  কীভাবে?

কথা বলতে বলতে আমি ব্যাগ গোছানোর কাজে হাত দিলাম। কারণ আমি জানতাম, সে যখন আজকেই বলেছে, তবে সে আজকেই যাবে।

আটলান্টা থেকে হেলেনের দূরত্ব খুব বেশি না, ড্রাইভ করে গেলে মাত্র ঘণ্টা দুয়েক লাগে। চটজলদি ব্যাগ গুছিয়ে, বাচ্চাদের রেডি করে গাড়িতে উঠলাম।

আটলান্টা হাইওয়ে-১৯ দিয়ে যাত্রা শুরু করলাম আমরা। প্রায় ঘণ্টা দেড়েক মেইন হাইওয়ে ধরে ড্রাইভিং করার পর, গারল্যান্ড থেকে চারপাশের দৃশ্যপট বদলানো শুরু করলো।

পাহাড়ের বুক চিড়ে এগিয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা। বিশাল আকারের ফার্ম-হাউসগুলো সবুজ ঘাসে ঢাকা। মাঠের পর মাঠ জুড়ে শুধুই ভূট্টার ক্ষেত। চারিদিকে শুধুই চোখ ধাঁধানো সবুজের সমারোহ।

মজার ব্যাপার ছিলো, যতবার গাড়ি ফার্ম-হাউস ক্রস করলো, প্রায় ততবারই আমার দুই পুত্র তাদের প্রিয় রাইমস গেয়ে উঠলো-‘ওল্ড ম্যাকডোনাল্ডস হ্যাড এ ফার্ম, ইয়া ইয়া ও’ পাহাড় আর সবুজে ঘেরা ছিমছাম রাস্তাটি ধরে, একটু সময় পরেই আমরা হেলেন পৌঁছালাম।

হোটেলের রুম আগে থেকে ফিক্সড করে আসিনি, তাই সবার আগেই হোটেলে রুম ভাড়া করার প্রয়োজনটা বেশি ছিলো। দুই-তিনটা হোটেলে দেখলাম, কোনো রুম খালি নেই। পরে দ্বিগুণ ভাড়ায় আমরা কান্ট্রি ইয়ার্ডে রুম পেলাম। এতো কিছুর মাঝে সূর্য সেদিনের মতো ডুবে গেলো, আমরাও ঘুমের সাগরে ডুবে গেলাম।

পরদিন আলো ঝলমল সকালে, হোটেল লবিতে ব্রেকফাস্ট সেরে, আমরা বের হলাম হেলেন ঘুরে দেখতে। চারিদিকে পাহাড় আর মাঝখানে পরিপাটি গোছানো একটি শহর হেলেন। এখানকার প্রতিটি ঘর-বাড়ি তৈরি হয়েছে সাউথ জার্মানির স্টাইলে। গাড়ি নিয়ে বের হতে হয় না, বাচ্চাদের স্ট্রলারে বসিয়ে পায়ে হেঁটেই পুরোটা শহর ঘোরা যায়।

বছরের পুরোটা সময়, হেলেন জুড়ে প্রচুর টুরিস্ট আসে। ভিন্ন-ভিন্ন ঋতুতে হেলেনের রূপ বদলে যায়। বসন্তে থাকে গাঢ় সবুজ, হেমন্তে হয়ে যায় নানা বর্ণিল রংয়ের সমারোহ!

হেলেনে ছিমছাম ছবির মতো শহরটি ছাড়াও অন্য সব দর্শনীয় স্থানগুলো হলো- ইউনিকয় স্টেট পার্ক, আনা রুবি ফলস।

সবচেয়ে মজার ছিল রিভার টিউবিং। এক একজন মানুষকে টিউবে বসিয়ে নদীতে ছেড়ে দেওয়া হতো, নদীর খরস্রোতা স্রোতে তা ভাসিয়ে নিয়ে যেত বহুদূর, ভীষণ রোমাঞ্চকর!

অবশ্য ভয়ের কিছু ছিল না, পাথুরে সেই নদীতে কোথাও ছিলো হাটু পরিমাণ পানি, কোথাও বা কোমর সমান পানি। তবে সাঁতার অবশ্যই জানা থাকতে হবে। পুরোটা দিন ঘোরাফেরা, শপিং আর গলফ খেলে বাচ্চারা ছিলো ভীষণ ক্লান্ত। ভাবলাম ডিনার করে হোটেলে  ফিরে যাব।

মেক্সিকান খাবারের দোকানে ডিনার সারতে এলে কানে বেজে ওঠে অপূর্ব স্প্যানিশ সুরের মূর্ছনা!

হলদে আলোয় ঢাকা ল্যাম্পপোস্ট, আর সেই বহু পুরনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ‘দ্যা ক্যাসল ইন লজ’।

এই অদ্ভুত সুন্দর পরিবেশে ফিরে যাওয়ার কথা মনে পড়লে, কীভাবে কোথায় যেন বিষাদ জেগে ওঠে।

তবুও ফিরে যেতে হয় আমাদের। লোকালয় ছেড়ে শান্ত-সুন্দর শহরটিতে দুটো দিন কাটিয়ে এলাম। সাথে করে নিয়ে এলাম ব্যস্ততায় ভরা জীবনের জন্য অফূরন্ত প্রাণশক্তি।

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন

মধুর শৈশবের এপারে দাঁড়িয়ে

ঘুরে এলাম শিশুদের স্বপ্নরাজ্য ডিজনি ওয়ার্ল্ড

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!