২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি বসন্তে সাকুরা ও রূপসী 'ঐরান'দের র‍্যালি

বাহারি কিমোনো পরে ফুলেল চেরি গাছের নিচ দিয়ে সারি সারি সুন্দরী হেঁটে যাবে, আর আমি ছবি তুলবো, ভিডিও করবো; জাপানে আসার আগে জাপানি বসন্ত সম্পর্কে এমন কল্পনা ছিল আমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজাহান সিরাজ, জাপানের নিগাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 05:09 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

আধুনিকতার প্রতাপে ঐতিহ্যবাহী কিমোনোর প্রভাব কমেছে। এখন জাপানি নারীরা বিশেষ দিন ছাড়া কিমোনো পরে না বললেই চলে। প্যান্ট-শার্ট পরে, ফ্যাশন করে। তাছাড়া কিমোনো দামেও অনেক বেশি, একেকটি ২০ হাজার ইয়েন থেকে শুরু করে ২০ লাখ ইয়েন পর্যন্ত হয়ে থাকে। কিমোনো, সাধারণ কাজবান্ধব নয়! কয়েক স্তরে রঙিন ভারি কাপড় পরতে হয়, অনেকটা গরম! কর্মক্ষেত্রে জাপানি নারীর সমান অংশগ্রহণে কিমোনোর জনপ্রিয়তা কমেছে। তারপরেও প্রতি বাড়িতে কিমোনো আছে, অন্তত জনপ্রতি একটি দামি কিমোনো রাখা গর্বের বিষয়।

দীর্ঘদিন অপেক্ষার পর, অবশেষে, এই বসন্তে চমৎকার চেরি ব্লুসমের (সাকুরা) সারি সারি কিমোনো পরা নারীর ছবি তোলার স্বপ্ন পূরণ হলো আমার।

বসন্তে হরেক রকমের ফুলে যখন সারা জাপান ফুল বাগান হয়ে যায়; তখন প্রকৃতির সাথে সাথে জাপানিদের মন, জীবন-যাপন, উৎসব, এমনটি খাদ্যের প্রকারও পাল্টে যায়। অপূর্ব সাকুরা গাছের নিচে বসে সবাই মিলে সাকে পান করা, খাবার খাওয়া, অপরূপ প্রকৃতি দেখা জাপানি বসন্তের জনপ্রিয় সংস্কৃতি; যা ‘হানামি’ নামে পরিচিত। ছেলে-মেয়ে নিয়ে হানামিতে যাওয়ার অভিজ্ঞতা আমার কয়েকবার হয়েছে।   

অপরূপ চেরি ব্লুসমের সময় নজরকাড়া কিমোনো পরা ঐরানদের আমার দেখা র‍্যালিটি হয়েছিল মাঝ বসন্তে (১৬ এপ্রিল, ২০১৭), সাদো দ্বীপে।  

ফুল আর পোশাকের সঙ্গে সাজা জমকালো র‍্যালিটি শুরু হয়েছিল – বিকেলের নরম আলোতে, ৩টায়, হামোচি কেইজেন সেন্টার থেকে। অজস্র দর্শকের অংশগ্রহণ র‍্যালিকে উৎসবে মুখরিত করেছিল। আমি মনের মতো ছবির পর ছবি তুলে উল্লসিত হয়েছিলাম।   

দামি কিমোনো পরা ঐরানদের যাত্রা, রাজকীয় ঢঙ্গে চলনে-  প্রথমে আমার মনে হয়েছিল ঐরান মানে হয়তো রাণী বা রাজ পরিবারের কেউ! পরে যখন জানলাম ঐরান বলতে রাজার বাইজি ও রক্ষিতা; তখন আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল। সঙ্গে থাকা বন্ধুরা বললো- বাংলাদেশ ও মোগল ভারতের রাজা ও জমিদাররা যেমন হেরেমখানায় বাইজি ও রক্ষিতা রাখতো; তেমনি প্রাচীন জাপানেও ঐরান রাখার রীতি ছিল।

ঐরানরা রক্ষিতা হলেও, ছিলেন উচুঁ স্তরের শিল্পী। রূপের সাথে সাথে দক্ষ শিল্পে, মননে, গান-বাজনা ও নাচে সবাই পারদর্শী ছিলেন। সুশিক্ষায় শিক্ষিত ছিলেন, যেমনটা থাকে ধনী ও অভিজাত পরিবারের সদস্যরা!  শিল্প ও শিক্ষা ছিল ঐরান হওয়ার পূর্বশর্ত। তাই ছোটবেলা থেকেই ঐরানদেরকে বিশেষ যত্নে গড়ে তোলা হতো। জাপানে আজো সংস্কৃতি, ঐতিহ্য ও ফ্যাশন হিসাবে ঐরানদের সম্মান করা হয়। তবে বর্তমানের ঐরানরা আদিকালের মতো যৌনতার সঙ্গে যুক্ত নন। একান্তই শিল্পী।  

প্রকৃতপক্ষে, ঐরান রাখার রীতি ৫০ বছর আগে, দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই জাপান থেকে বিলুপ্ত হয়ে যায়; যেমনটা হয়েছিল ভারতবর্ষে রক্ষিতা-বাইজি রাখার রীতি! বিলুপ্ত ঐরান, ঐতিহ্যবাহী পোশাকে বাস্তবের বেশে দেখে আমি আনন্দিত হয়েছিলাম।

কিন্তু দুই দেশে দুই বিচার। জাপান ঐরানকে ভুলেনি, মনে রেখেছে। কিন্তু দক্ষিণ এশিয়া বাইজি- রক্ষিতা ভুলে গেছে। উচুঁ স্তরের দক্ষশিল্পী হওয়ার পরও, যৌনতার অভিযোগের কারণে আজো ঘৃণিত! ঐরানরা পোশাকে, শিল্পে, দক্ষতা এমনকি ক্ষমতায় ছিলেন প্রভাবশালী, ঠিক প্রভুর সমস্তরে।

জাপানিদের মতো, ঐরানের ‍র‍্যালি আমারও খুব পছন্দ। রাজকীয় পোশাক আর প্রদর্শন দেখার আনন্দ আমাকে টানে। আগামী সাকুরাতেও ঐরান র‍্যালি দেখার ইচ্ছা আছে। আমি নিশ্চিত ঐরান র‍্যালি আপনাকেও অপার আনন্দ দেবে।

এ বছরের র‍্যালিটি ৩ জন ঐরানের সন্তান, আয়া-খান শামার সারিতে হয়েছিল। সবার চলন ছিল, যেমনটা তারা অতীতে চলতো। ঐরানদের হাঁটার সময় এক দর্শক আমাকে বললেন,
‘সটোহাচিমোনজি’ অর্থাৎ ‘হাঁটার বিশেষ ভঙ্গি’ দিয়ে ঐরানরা যৌন আবেদন প্রকাশ করতো।

র‍্যালিটির সময় থিম মিউজিকের তালে তালে, ভারি কিমোনো পরে চলনের সময় ক্ষণে ক্ষণে থেমে ঐরানরা বিশ্রাম নিয়েছিল, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেছিল, যা ছিল অসাধারণ। থামার সময় শত শত ক্যামেরার সঙ্গে আমার ক্যামেরারও ক্লিক চলেছিল।  

র‍্যালির শেষে সাকুরা গাছের নিচে ঐরানরা ছবি তুলেছিল। ইচ্ছা করলে এসময় যে কেউ ঐরানদের সঙ্গে ছবি তুলতে পারে।

প্রতি বসন্তে এমন অনুষ্ঠান সাদোতে হয়। যে কেউ ৩ থেকে ৪ মাস রিহার্সাল দেয়ার জন্য সাদোতে থাকলে ঐরান র‍্যালির পারফরমার হতে পারে।  

জাপানিরা ঐরানকে অসম্মানের চোখে দেখে না। সংস্কারের উর্ধ্বে জাপানিরা ঐরানকে গ্রহণ করেছে, ভালোবেসেছে যা এশিয়ার অন্যান্য দেশে অকল্পনীয়। বসন্তে যদি আপনি জাপানে আসেন ঐরান র‍্যালি ও সাকুরা দেখার আমন্ত্রণ রইলো। ঐরানের সঙ্গে ছবি তোলার কথা নিশ্চয়ই ভুলবেন না।

লেখক: মাল্টিমিডিয়া ডিজাইনার, ফটোগ্রাফার ও লেখালেখি করেন।

ইমেইল: siraj@machizo.com

ছবি : শাহজাহান সিরাজ

এই লেখকের আরও পড়ুন

জাপানি টিভির শক্তি!

জাপানে ট্যাক্স দেওয়া ভারি মজার !

জাপানি পাবলিক বাথে বিবস্ত্র গোসলের স্মৃতি

জাপানি বিয়েতে শ্বশুর-জামাই পাঞ্জা

জাপানে দৈত্যের নাচ দেখার স্মৃতি

জাপানে কাঁচা মাছ খাওয়ার স্মৃতি

জাপানি বাবুদের স্কুল

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!