‘অ্যামনেস্টি চাঁদা খেয়ে রিপোর্ট দেয়’
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি নাকচ করে অ্যামনেস্টিকে ‘পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান’ বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির।
বুধবার পূর্ব লন্ডনে হোয়াইটচ্যাপল রোডের আইডিয়া স্টোরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “তারা যাদের কাছ থেকে চাঁদা নেয়, তাদের দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দেয়।”
অ্যামনেস্টির রিপোর্ট ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশের মিডিয়াগুলো এখন যে স্বাধীনতা ভোগ করছে তা অতীতে কখনোই ছিলো না। মিডিয়ার প্রসারে ও উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সচেষ্ট। মিডিয়ার জন্য, সাংবাদিকদের জন্য তিনি যা করছেন, তা আর কেউ কখনো করেনি। তিনি অবাধ মুক্ত ও নিরপেক্ষ সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।”
সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান। প্রবন্ধে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রিপোর্টার উইদাউট বোর্ডার ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক দুটি প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
