২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের মতবিনিময় সভা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চলমান কর্মসূচির আওতায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 12:01 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায়  ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লস অ্যাঞ্জেলেস সিটিতে কিং অব ইন্ডিয়া রেস্টুরেন্টের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজান শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

সাংগঠনিক সভায় ব্যস্ত থাকার কারণে ওয়াশিংটন ডিসি থেকে টেলিফোনে শুভেচ্ছা ও নীতি-নির্ধারণী বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার নির্দেশে একযোগে কাজের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নিজাম চৌধুরী বলেন,“বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্বব্যাংক-জাতিসংঘে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে এখন থেকেই সকলকে সংঘবদ্ধ হতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা দারা বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক কাজলসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!