নাজমা হত্যা: খুনি ধরা না পড়ায় ক্ষোভ প্রবাসীদের
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিতে নিহত নাজমা খানম ঝর্ণা (৬০) খুনিরা ৭২ ঘণ্টা পরও শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরা।
খুনিদের ধরিয়ে দিতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
গত ৩১ অগাস্ট রাতে নিউ ইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত জ্যামাইকা এলাকায় নিজের বাসার কাছে হামলার শিকার হন নাজমা খানম ঝর্ণা। স্ত্রীর চিৎকারে তার স্বামী শামসুল আলম এগিয়ে গেলে হামলাকারীরা কেটে পড়ে। সঙ্গে সঙ্গে নাজমাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, নাজমার বুকে উপর্যুপরি আঘাত করে ঘাতক। এক পর্যায়ে ছুরি ভেঙে যায়। ছুরির ভাঙা ফলা তার শরীরে চার ইঞ্চি পর্যন্ত গেঁথে ছিল।
শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজার পর রাতে দেশে পাঠানো হয় এই বাংলাদেশি নারীর মরদেহ।
নাজমা খানম। ছবি: পারিবারিক অ্যপলবাম।
তার মত জানাজায় অংশগ্রহণকারী অনেকেই নাজমার খুনি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং মুসলিম-আমেরিকানদের নিরাপত্তায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইসলামিক সেন্টার মসজিদের ইমাম খালিদ লতিফ বলেন, “গত কয়েক সপ্তাহে একজন ইমামসহ চারজন মুসলমানকে হত্যা করা হল। বিদ্বেষমূলক মনোভাব ক্রমান্বয়ে বাড়ছে। এটা মেনে নেওয়া যায় না।”
নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোটেক লেটিসা জেমস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এটি চুরি-ছিনতাইয়ের কোনো ঘটনা নয়। এ ধরনের হত্যাকাণ্ড এখন প্রায়ই ঘটছে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি নাজমা খানমের হত্যার মোটিভ সম্পর্কে। আমরা বিচার চাই।”
যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে বলেন, নাজমা খানমকে ছুরি মেরে হত্যার এই ঘটনার নিন্দা জানানোর ভাষা তার নেই।
“এর আগে দুই বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তারা মিয়াকে খুনের সঙ্গে জড়িতকে দ্রুত গ্রেপ্তার করায় আমি নিউ ইয়র্ক পুলিশ বাহিনীর প্রশংসা করি। আমি আশা রাখি, নাজমা খানমের ঘাতকও দ্রুত গ্রেপ্তার হবে।”
নাজমার স্বামী শামসুল আলম খান (৭৫) জানাজায় স্ত্রীর জন্যে সবার কাছে দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে নাজমা খানমের জানাজা।
১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা। তার স্বামীও সে সময় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন নিউ ইয়র্কে থাকেন; বাকি দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে।
শরিয়তপুর জেলার পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে নাজমাকে দাফন করা হবে বলে তার বোনের ছেলে মোহাম্মদ কবির জানিয়েছেন।
নাজমার স্বামী শামসুল আলম ও তাদের ছোট ছেলে নাইমুল আলম খানও দেশে গেছেন।
