যুক্তরাষ্ট্রে নিহত নাজমার মরদেহ আসছে শনিবার
নিউ ইয়র্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি নারী নাজমা খানম ঝর্ণার মরদেহ দেশে আসছে শনিবার।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে ঝর্ণার মরদেহ দেশে পাঠানো হবে বলে তার স্বামী শামসুল আলম খান জানিয়েছেন।
“রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশ দেশে পাঠানো হবে। শরীয়তপুরেই নাজমাকে দাফন করা হবে।”
বুধবার রাতে নিউ ইয়র্কে নিজের বাড়ির সামনেই দুর্বৃত্তের হামলায় খুন হন নাজমা। স্ত্রীর চিৎকারে শামসুল আলম এগিয়ে গেলে হামলাকারীরা কেটে পড়ে। সঙ্গে সঙ্গে নাজমাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা। তার স্বামীও সে সময় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন নিউ ইয়র্কে থাকেন; বাকি দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে।
নিহত নাজমার ভাগ্নে মিজানুর রহমান সেলিম।
নিউ ইয়র্ক মুসলিম পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সদস্য কবির বলেন, “খালার কাছে নগদ টাকা, সেলফোন, ঘড়ি, স্বর্ণালঙ্কার সবই ছিল, কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। এজন্য এ ঘটনাকে হেইট ক্রাইম বলে সন্দেহ করা হচ্ছে।”
নাজমার আরেক বোনের ছেলে শরিয়তপুর জেলা সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান সেলিম জানান, তার খালাকে দুর্বৃত্তরা কয়েকবার ছুরিকাঘাত করেছিল।
এদিকে তিন সপ্তাহের ব্যবধানে ইমামসহ তিন বাংলাদেশি খুনের ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন এশিয়ান-আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে এশিয়ান অভিবাসীদের উপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ ঘটনায় অভিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। ছবি-এনওয়াইপিডি।
বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ হামলা’র জন্য যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন।
“ট্রাম্প তার বক্তৃতা-বিবৃতিতে অভিবাসীদের প্রতি ঘৃণা উসকে দিচ্ছেন। এরপরই অভিবাসী মুসলমানদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।”
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) অভিবাসীদের উপর এ ধরনের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
নাজমা হত্যার ঘটনাস্থলে পুলিশি তৎপরতা।
এদিকে ইমামসহ দুই বাংলাদেশি হত্যার মামলায় আটক অস্কার মরেল (৩৫) আদালতে ফের নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বৃহস্পতিবার কুইন্সের ক্রিমিনাল কোর্টে অস্কারকে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী অস্কারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
বিচারক আগামী ১৮ অক্টোবর এ মামলার শুনানির পরবর্তী দিন রেখেছেন।
