লন্ডনে প্রবাসীদের আড্ডায় মুস্তাফিজ
সাসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলতে মুস্তাফিজুর রহমান যুক্তরাজ্যে আসবেন জানার পর থেকেই তাকে ঘিরে বিলেতের বাঙালি ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় উন্মাদনা।
সাসেক্সের হয়ে মাঠে নেমেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়ে ভক্তদের সে প্রত্যাশা পূরণ করেন তিনি। তবে পরদিন ২২ জুলাই দ্বিতীয় ম্যাচ খেলেই চোটে পড়ায় তার আর মাঠে নামা হয়নি।
তারপরেও মুস্তাফিজকে নিয়ে আগ্রহ কমেনি লন্ডন প্রবাসীদের। বাংলাদেশের ক্রিকেটের সুহৃদ বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে পরিকল্পনা অনুযায়ী ব্যাপক আয়োজন করে বিশ্বব্যাপী নজর কাড়া এই বোলারকে সংবর্ধনা দিতে না পারলেও থেমে থাকেনি।
ঘরোয়াভাবে মুস্তাফিজের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আড্ডা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে।
বুধবার পূর্ব লন্ডনের চিংফোর্ডে স্পাইস স্টেশন রেস্তোরাঁয় আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনার খন্দকার তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান, টাওয়ার হ্যামল্টেসের কাউন্সিলর সাবিনা আখতারসহ বাংলাদেশের ক্রিকেট ও মুস্তাফিজ ভক্তরা।
বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে’র সভাপতি নঈমউদ্দিন রিয়াজ স্বাগত ভাষণে পরিকল্পনা অনুযায়ী মুস্তাফিজের জন্য বড় ধরনের সবংর্ধনার আয়োজন করতে না পারার প্রেক্ষাপট তুলে ধরেন।
তবে আগামী বছর জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলস-এ আইসিসি আয়োজিত চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ দল আসার পর মুস্তাফিজসহ পুরো বাংলাদেশ দলকে বড় করে সংবর্ধনা দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
“আর চ্যাম্পিয়নশিপ ট্রফিতে বাংলাদেশ যেদিন যে স্টেডিয়ামে খেলবে, সেদিন সেই স্টেডিয়ামের গ্যালারি লাল-সবুজের পতাকায় ছেঁয়ে দেওয়ার চেষ্টা করব,” বলেন তিনি।
মুস্তাফিজকে নিয়ে ঘরোয়া পরিবেশে আড্ডা দেওয়ার কথা থাকলেও অনেকেইে মুস্তাফিজের শুভ কামনা করে বক্তব্য রাখেন।
অস্থায়ী হাই কমিশনার খন্দকার তালহা মুস্তাফিজকে বাংলাদেশের গর্ব ও রত্ন অভিহিত করে বলেন, “সারা বিশ্বে মুস্তাফিজ আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার উত্তরোত্তর উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করি। আশা করি আগামীতে মুস্তাফিজ আরও ভালো পারফর্ম করবে।”
মুস্তাফিজকে নিয়ে অনুষ্ঠানের অয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান বলেন, “মুস্তাফিজ এখন বাংলাদেশের তরুণ সমাজের রোল মডেল। মুস্তাফিজের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ঘরে ঘরে আরও মুস্তাফিজের জন্ম হবে।”
লন্ডনে মুস্তাফিজকে আতিথ্য দেওয়া সেন্ট পিটার্স কলেজের অধ্যক্ষ এজিএম সাব্বির এসেছিলেন সপরিবারে। মুস্তাফিজের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের জানান।
