২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

শফিক রেহমানসহ বিএনপিপন্থি একাধিক সাংবাদিক বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্রে’ লিপ্ত রয়েছে অভিযোগ তুলে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 12:49 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

শফিক রেহমান গ্রেপ্তার নির্দিষ্ট অভিযোগেই: ইনু

ঐতিহাসিক মুজিবনগর দিবসে রোববার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় এক সমাবেশে এই দাবির পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন তারা।

সমাবেশে সিটি আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার বলেন, “একাত্তরের পরাজিত শক্তির কাড়ি কাড়ি টাকায় শফিক রেহমানের মতো সাংবাদিকরা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে।

শফিক রেহমানকে ‘সাংবাদিক নামের কলঙ্ক’ আখ্যায়িত করে এই মুক্তিযোদ্ধা বলেন, “বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপিপন্থি এই সাংবাদিককে ধরে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

এফবিআইয়ের এক এজেন্টের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিচারে যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়কে অপহরণ ও শারিরীক ক্ষতির পরিকল্পনার তথ্য বেরিয়ে আসে।

যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের নথিতে দেখা যায়, ওই মামলায় দণ্ডিত যুক্তরাষ্ট্রপ্রবাসী এক জাসাস নেতার ছেলে রিজভী আহমেদ সিজার জয়ের বিষয়ে তথ্য জানতে ওই এজেন্টকে ঘুষ দেন। তথ্য পাওয়ার তা বাংলাদেশের এক সাংবাদিককেও সরবরাহ করেন তিনি।

নিউ ইয়র্কের সমাবেশে সিটি আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “সাংবাদিক নামধারী এই বিএনপিনেতা আগে থেকেই বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ‘প্লট’ তৈরি করেছিলেন।”

ওই পরিকল্পনার অংশ হিসেবেই শফিক রেহমান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিউইয়র্কে বাংলাদেশিদের এক সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যু কামনা করে বক্তব্য রাখেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের এই সভাপতি।

“জয়কে অপহরণ এবং বঙ্গবন্ধু পরিবারের ইমেজ বিনষ্টের এই গভীর ষড়যন্ত্রে বিএনপিপন্থি সাংবাদিক নেতা শওকত মাহমুদও জড়িত বলে আমরা মনে করছি। কারণ ২০১৫ সালে শওকত মাহমুদ ঢাকায় গ্রেপ্তার হওয়ার আগে ৩ বছর ঘনঘন লন্ডন হয়ে নিউ ইয়র্কে আসা-যাওয়া করেছে।”

Image
মুজিবনগর দিবসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ শুরু হয় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মুজিবনগর দিবসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ শুরু হয় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

অন্যদের মধ্যে সিটি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, অপর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান সাবু, তোফাজ্জল করিম, শরাফ সরকার, কুইন্স বরো আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি রুহেল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার ও যুগ্ম সম্পাদক সুব্রত চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।

এর আগে সমাবেশের শুরুতে বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী মুজিবনগর সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্যে প্রয়াতদের জন্য বিশেষ মোনাজাত হয়ে; দীর্ঘায়ু কামনা করা হয় বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম বাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।

এরপর থেকেই বৈদ্যনাথ তলা মুজিবনগর হিসাবে পরিচিত। আর দিনটি পালন করা হয় মুজিবনগর দিবস হিসাবে।

অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।