নিউ ইয়র্কে বাংলাদেশির ওপর হামলার ঘটনায় ২ কিশোর গ্রেপ্তার
নিউ ইয়র্কের রাস্তায় ‘আইএস সদস্য’ আখ্যা দিয়ে মজিবর রহমান নামে এক বাংলাদেশিকে মরধরের ঘটনায় কৃষ্ণাঙ্গ দুই কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশ শুক্রবার পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করলেও তাদের পরিচয় জানায়নি।
পুলিশ বলছে, শুক্রবার ভোররাতে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ বছরের অন্যজনকে ব্রঙ্কসের একটি স্কুল থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার এলাকায় মারধরের শিকার হন মজিবর।
সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান মজিবর নয় বছরের ভাগ্নিকে স্কুল থেকে আনার পথে ওয়াটসন এভিনিউ ও পুগসলে এভিনিউর মোড়ে হামলার শিকার হন। তিনি তখন পাজামা-পাঞ্জাবি পরা ছিলেন।
পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, দুই যুবক তাকে আইএস সদস্য আখ্যা দিয়ে মুখে ও মাথায় কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে লাথি মারতে থাকে।
নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি নিউজসহ অনেক পত্রিকায় গুরুত্বের সঙ্গে হামলার খবর প্রকাশ হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পুলিশের ‘হেইট ক্রাইম টাস্ক ফোর্স’সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাও অপরাধীদের ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় ধরা পড়ে দুই কিশোর।
মজিবরের ওপর হামলার প্রতিবাদে গত ১৯ জানুয়ারি ব্রঙ্কসে প্রবাসীরা একটি প্রতিবাদ সমাবেশ করেন হামলার স্থানে।
সিটি মেয়রের কমিউনিটি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সারাহ সাঈদ বাংলাদেশিসহ মুসলিম সম্প্রদায়ে ক্ষোভের পরিপ্রেক্ষিতে মজিবরের বাসায় গিয়ে মেয়রের পক্ষ থেকে সমবেদনা জানান।
মজিবরের ওপর হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান জানাতে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের ইসলামিক সেন্টারে একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারাও থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।
এদিকে ঘটনার ছয়দিন পর দুই দুর্বৃত্ত গ্রেপ্তার হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ এন মজুমদার। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
