২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির ওপর হামলা: অপরাধীরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ

নিউ ইয়র্কের রাস্তায় মুজিবুর রহমান নামের এক বাংলাদেশিকে ‘আইএস আখ্যা’ দিয়ে মারধরের ঘটনায় জড়িতরা পাঁচ দিনেও শনাক্ত  না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে প্রবাসীদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 11:55 AM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

নিউ ইয়র্কে পাজামা-পাঞ্জাবি পরা বাংলাদেশিকে মারধর
আইএসকে ধিক্কার জানালেন প্রবাসীরা

ক্ষোভ জানাতে প্রবাসীরা আগামী রোববার প্রতিবাদ সমাবেশ কর্মসূচিও দিয়েছে।

ওইদিন বিকাল ৫টায় ব্রঙ্কসে ওয়েস্টচেস্টার এভিনিউয়ের ‘আল ইমান ইসলামিক সেন্টারে’ এ সমাবেশ হওয়ার কথা। 

সমাবেশে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারাও থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। 

এদিকে হামলার শিকার মুজিবুরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের জ্যেষ্ঠ উপদেষ্টা সারাহ সাঈদ, ব্রঙ্কসবোরো কমিউনিটি সম্পর্কিত পরিচালক এলভিন গার্সিয়া ও বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

হামলাকারীদের ধরতে ঘটনার তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়েও কথা বলেন উপদেষ্টা সারাহ সাঈদ।  

গত ১৫ জানুয়ারি পার্কচেস্টারে মজিবুরকে ‘আইএস আখ্যা’ দিয়ে মারধর করে দুইজন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।  

৪৩ বছর বয়সী মুজিবুরের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। দুবছর আগে অভিবাসী হয়ে নিউ ইয়র্কে আসেন সপরিবারে। পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি করছেন তিনি।

মুজিবুরের বাসায় সিটি মেয়রের প্রতিনিধি সারাহ সাঈদ জানান, হামলাকারীদের শনাক্ত করতে ‘হেইট ক্রাইম টাস্ক ফোর্স’সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

হামলার স্থানের পাশের একটি প্রতিষ্ঠানের ‘সার্ভেইলেন্স ক্যামেরার’ ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে হামলাকারীরা মুখোশধারী ছিল, তাই তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

প্রযুক্তি ব্যবহার করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান সারাহ।

“মুজিব ও তার পরিবারের পাশে রয়েছেন সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গসহ বিবেকসম্পন্ন সব মানুষ, কেউই এ ধরনের আচরণকে সমর্থন করে না,” বলেন তিনি।

মুসলিমদের নিয়ে অনেকের বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যারা সন্ত্রাস করছে, তাদের মধ্যে মুসলমানও রয়েছে বলে বিবেক-বোধহীন অনেকে সব মুসলমানকেই সন্ত্রাসী মনে করে। শুধু তাই নয়, অনেকের ভ্রান্তি রয়েছে ইসলাম ধর্ম সম্পর্কেও। এ দৃষ্টিভঙ্গি পাল্টাতে আমরা বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করছি।”

মুজিবুরের ওপর হামলার প্রতিবাদে গত মঙ্গলবারও পার্কচেস্টারে স্থানীয় জনপ্রতিনিধিসহ ক্ষুব্ধ প্রাবাসীরা সমাবেশ করেন।

জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ সময় বক্তব্য রাখেন ব্রঙ্কসবোরো প্রেসিডেন্ট রুবিন দিয়াজ জুনিয়র, নিউ ইয়র্ক স্টেট সিনেটর রুবিন দিয়াজ সিনিয়র, স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, ব্রঙ্কসবরো ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ও স্টেট অ্যাসেম্বলিম্যান মার্কোস ক্রেসপো প্রমুখ।

এসময় হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কারের ঘোষণাও আসে প্রশাসনের পক্ষ থেকে।

কয়েকমাস আগেও কুইন্সের এস্টোরিয়ায় একই কায়দায় হামলা চালানো হয় সরকার ইসলাম নামের এক বাংলাদেশির ওপর। পরে হামলাকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com