আইএসকে ধিক্কার জানালেন প্রবাসীরা
নৃশংসতার মাধ্যমে কুখ্যাতি পাওয়া মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটকে ধিক্কার জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।
নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি মিলনায়তনে গত রোববার রাতে এক সামাজিক অনুষ্ঠানে জঙ্গি সংগঠনটির বিষয়ে কারও কাছে তথ্য থাকলে তা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়।
‘ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ঐতিহ্যবাহী চাটগাঁর মেজবান’ নামের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজক ছিল ‘চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ‘ইসলামিক রিসার্চ সেন্টারের’ প্রতিষ্ঠাতা সভাপতি সাইয়িদ এরশাদ আহম্মদ আল বোখারি তার বক্তব্যে বলেন, “এ সময়ে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আইএস নামক সন্ত্রাসী সংগঠন। এটি শুধু মুসলমানদেরই শত্রু নয়, এরা সমগ্র মানবতার দুশমন।”
“ইসলামের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। ওরা ইসলামের নামে অপকর্ম করছে। ওদের সঙ্গে সত্যিকারের কোনো মুসলমানের সম্পর্ক নেই,” বলেন ড. বোখারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। ছিলেন চট্টগ্রাম সমিতির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
এছাড়া ‘বাংলাদেশ সোসাইটি’, ‘পিপল এন টেক ইন্সটিটিউট’, ‘কক্সবাজার অ্যাসোসিয়েশন’, ‘সিএমবিবিএ’সহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন।
গত শুক্রবার নিউ ইয়র্কের পার্কচেস্টার এলাকার রাস্তায় পাজামা-পাঞ্জাবি পরা মজিবর রহমান (৪৩) নামের এক বাংলাদেশিকে ‘আইএস সদস্য’ আখ্যা দিয়ে মারধর করে দুই যুবক। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
