২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বর্ষবরণে প্রবাসী বাঙালিরা

সন্ত্রাসবিরোধী যুদ্ধে জয়ী হতে সব জাতি ও ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধ করার স্লোগানে যুক্তরাষ্ট্রের টাইম স্কোয়ারে খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করা হয়েছে জাকজমকপূর্ণ আয়োজনে, যাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 04:44 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

পুরনো খবর:

জমকালো আতশবাজিতে সিডনিতে বর্ষবরণ

নিউ ইয়র্ক সিটিতে বর্ষবরণের এই আয়োজনে বিদায়ী বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে নানা শ্রেণি-পেশা ও ভাষাভাষীর মানুষ টাইমস স্কোয়ারে জড়ো হতে শুরু করে।

Image
টাইমস স্কোয়ারের বর্ষবরণ

টাইমস স্কোয়ারের বর্ষবরণ

আর ১ জানুয়ারি শুন্য ঘণ্টায় এতিহ্য অনুযায়ী উঁচু টাওয়ার থেকে নতুন বছরের প্রতীক হিসেবে ১১ হাজার ৮৭৫ পাউন্ডের একটি ক্রিস্টাল বলের পতনের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে উল্লাসে গর্জে ওঠে স্কোয়ার সমবেত ১০ লাখের বেশি মানুষের কণ্ঠ।

প্রায় ১১১ বছর ধরেই টাইমস স্কোয়ারে বর্ষবরণের এই উৎসব হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও বিপুলসংখ্যক বাংলাদেশি ছিলেন বর্ষবরণের এ মহোৎসবে।

অনেক বাংলাদেশি পরিবারের সদস্যদের নিয়ে উৎসবে যোগ দেন। এর মধ্যে কারও কারও হাতে দেখা যায় লাল-সবুজের পতাকা। অনেক বাঙালি স্কোয়ারে যেতে না পারলেও ছেলেমেয়েদের নিয়ে নতুন বছরকে বরণ করেছেন ঘরোয়া আয়োজনে।

বর্ষবরণের আয়োজনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টাইম স্কোয়ার এলাকা ঘিরে ছিল ছয় হাজার গোয়েন্দাসহ ১২ হাজারের বেশি পুলিশ সদস্যদের কঠোর নজরদারি।

Image
টাইমস স্কোয়ারের বর্ষবরণ আয়োজনে পুলিশের কঠোর নজরদারি

টাইমস স্কোয়ারের বর্ষবরণ আয়োজনে পুলিশের কঠোর নজরদারি

ক্যালিফোর্নিয়ায় মুসলিম দম্পতির গুলিতে কয়েকজনকে হত্যাসহ বিশ্বজুড়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবারের উৎসবের মেজাজ ছিল একটু ভিন্ন। বর্ষবরণে যে কোনো ধরনের হামলা বা অপতৎপরতা প্রতিহত করতে এফবিআই, পুলিশসহ বিভিন্ন সংস্থা থেকে নেওয়া হয় সর্বাত্মক প্রস্তুতি।

টাইমস স্কোয়ারের সব প্রবেশপথেই ছিল তল্লাশির পয়েন্ট। এসব পয়েন্টে পোশাকধারী পুলিশের সঙ্গে কয়েকশত প্রশিক্ষিত কুকুরও পুরো এলাকা প্রহরা দেয়। আকাশে চক্কর দেয় পুলিশের হেলিকপ্টার।

কড়া নিরাপত্তার ভেতরে বর্ষবরণের এই আয়োজনে অংশ নিয়ে নতুন বছরটি সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত হবে-এমনটাই আশা সবার।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com