২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার নিয়ে ‘ভুল ভাঙাতে’ যুক্তরাষ্ট্রে আ. লীগের তৎপরতা

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘ভুল ধারণা’ শুধরে দিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি মানবাধিকার কমিশনের সঙ্গে দেখা করে ‘বাস্তব চিত্র’ তুলে ধরেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 02:05 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ‘টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের’ কো-চেয়ারম্যান জোশেফ আর পিটসের আইন বিষয়ক পরিচালক কারসন মিডলটনের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বৈঠকের পর ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা এম নবী বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি যারা বাংলাদেশে জ্বালাও-পোড়াও করেছে, বাসে পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচারের উদ্যোগ নিয়ে আওয়ামী লীগ সরকার জনসাধারণের মানবাধিকারই নিশ্চিত করেছে বলে বৈঠকে জানানো হয়েছে।

“দেশে যাদের গ্রেপ্তার করা হচ্ছে বা হয়েছে, বিএনপি অথবা জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ার কারণে নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।”

সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে প্রকৃত অর্থে কার স্বার্থ হাসিল করা হয়- টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনকে তা ভেবে দেখতে বলেছেন বলে জানান তিনি।

গত ২ ডিসেম্বর এই কমিশনের আয়োজনে ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ বিষয়ে উম্মুক্ত আলোচনায় উপস্থিত হয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান মাহবুব হাসান সালেহ বেশ কিছু বিষয়ে আলোচনার ‘অসঙ্গতি’ ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

যুদ্ধাপরাধীদের বিচার, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকের সরে দাঁড়ানো ও ব্লগার হত্যাকাণ্ডসহ নানা বিষয় আলোচনায় উঠে আসে।  গত ফ্রেব্রুয়ারিতে বাংলাদেশে উগ্রপন্থিদের হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আলোচক হিসেবে শুনানিতে অংশ নেন।

এই প্রেক্ষাপটেই কারসনের সঙ্গে বৈঠকে ‘বাংলাদেশের বাস্তবচিত্র’ তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা।

নবী বলেন, মিডলটন তাদের বক্তব্য শুনে বলেছেন, ‘টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশন’ আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করে। সব অভিযোগই তারা গুরুত্ব দিয়ে শোনে, বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা প্রতিনিধি দলে ছিলেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

মানবাধিকার শুনানিতে ‘অসঙ্গতি’ ধরিয়ে দিলেন বাংলাদেশের কূটনীতিক
ওয়াশিংটনে শহীদ মিনার ও ‘শেখ মুজিব ওয়ে’ প্রতিষ্ঠার দাবি
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ