ক্যালগ্যারিতে ‘বন্ধন যাক টুটে’
কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরে প্রবাসী সংগীতশিল্পী জয়শ্রী সেন পরিচালিত বাংলা গানের স্কুল ‘গানের ভুবন’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক সন্ধ্যা ‘বন্ধন যাক টুটে’।
শনিবার সেইট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম পর্বে, ‘আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে’ শিরোনামে পঞ্চ কবি, আধুনিক ও দেশাত্মবোধক গান গেয়ে শোনায় সংগীত স্কুলটির ছাত্রছাত্রীরা। দ্বিতীয় পর্বে ছিল ক্যালগ্যারির শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতনাট্য ‘মায়ার খেলা’।
প্রায় তিন ঘন্টার এ আয়োজন উপভোগ করেন হলভর্তি দর্শক।গানের ভুবন স্কুলটি শিল্পী জয়শ্রী সেনের একক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই স্কুলের যাত্রা শুরু হয়।
রবীন্দ্র-নজরুল-অতুলপ্রসাদ-দ্বিজেন্দ্রলাল–রজনীকান্তের গানের সঙ্গে বাংলা আধুনিক ও দেশাত্মবোধক গানের পরিবেশনা সবাইকে বেশ আপ্লুত করে রাখে।
গীতিনাট্যে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন ভূমিকা পাঠে তুরিণ চৌধুরী, দৃশ্য বর্ণনায় জাহেদ হক, আবীর খন্দকার, রওনক জাহান, আবৃত্তিতে অমিয় মুরতাজা, জাহেদ , কান্তা, রওনক ও হ্যাপি, সংগীতে শুভাশীষ, সায়ন্তন, তুরিণ, মোশাররফ,ইকবাল,মিলি, চেরি, তপতী,বিথী, স্বর্ণা, সুতপা,এদিবা, অপর্ণা, ধ্বনি,কেকা ও জয়শ্রী।
নৃত্য পরিবেশনায় ছিলেন নক্ষত্র, মুক্তাময়ী, মৌ, বিয়াশা, স্নিগ্ধা ও নেভিন। যন্ত্রসংগীতে ছিলেন তবলায় হাবজিৎসিং, মন্দিরায় অজিত মুহুরি ও কঙ্কা এবং বেহালায় সায়ন্তন দেব।
ভূমিকা রচনা ও দৃশ্যপট গ্রন্থনায় ছিলেন কবি, সাহিত্যিক ও লেখক ভজন সরকার। গীতিনাট্যটির সার্বিক পরিচালনায় ছিলেন জয়শ্রী সেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
কানাডার আরও খবর
