মোস্তফা সারওয়ারের কবিতা পুশকার্ট পুরস্কারের জন্য মনোনীত
যুক্তরাষ্ট্র প্রবাসী এ লেখক-কলামনিস্টের কবিতার শিরোনাম ‘ওয়েক অব দ্য মস্কভা’।
যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজের সাদার্ন ইউনিভার্সিটির ‘সংগম লিটারারি ম্যাগাজিন’ প্রবাসী লেখক-কলামনিস্ট মোস্তফা সারওয়ারের একটি কবিতাকে ৪৮তম পুশকার্ট পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।
‘ওয়েক অব দ্য মস্কভা’ শিরোনামে ইংরেজি কবিতাটি ২০২৩ সালের বসন্ত সংখ্যায় ছাপা হয়েছে অন্যান্য কবিদের সঙ্গে, যার মধ্যে রয়েছে লুজিয়ানার পোয়েট লরিয়েটের কবিতা।
পুরস্কার ঘোষণা করা হবে শরৎকালে। এছাড়া সারওয়ারের কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে ইউক্রেনের উপর রচিত তার একটি ইংরেজি কবিতা সংকলনে, এটি ছাপাবে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় প্রেস।
সারওয়ারের কবিতা ‘ওয়েক অব দ্য মস্কভা’ নিয়ে ইউনিভার্সিটি অব জর্জিয়ার সঙ্গীতের অধ্যাপক ডেভিড হ্যাস বলেন, “সারওয়ার মস্কভা যুদ্ধ জাহাজডুবির বর্ণনা না করে বরং কল্পনার রঙে রাঙিয়েছে শেষকৃত্যের এক চমকপ্রদ চিত্রকল্প, যেখানে মাছেরা হল অংশগ্রহণকারী। সংক্ষিপ্ত পৃথক অনুচ্ছেদের সমাহারে অতীতের সঙ্গে চমৎকার মেলবন্ধন ঘটিয়ে পাঠকদের জন্য এমন পরিপ্রেক্ষিত সৃষ্টি করেছেন যা ললিতকলার অন্য মাধ্যমে সম্ভব নয়।”
লুজিয়ানা স্টেট সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি জাস্টিস স্টিভেন প্লটকিন বলেন, “রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভার সলিল সমাধির উপর লেখা সারওয়ারের কবিতাটি প্রকাশ করেছে ইতিহাসের অন্তহীন এবং ধ্বংসাত্মক যুদ্ধগুলো। কবিতাটি চিত্রিত করেছে যে, যুদ্ধের ফলাফল হল জীবন ও সম্পদের ধ্বংসযজ্ঞ। ইতিহাসের শিক্ষা হলো যুদ্ধে কারও বিজয় নেই।”
সাদার্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচারের চেয়ারম্যান এবং ইংরেজির অধ্যাপক মুনির মুসতবা আলীর ভাষায়, “জাদুবাস্তবতা ও পরাবাস্তববাদের দক্ষ সংমিশ্রণে সারওয়ারের চিত্রকল্পগুলো এক ঝলকের নিমিত্ত আমাদের সামনে দৃশ্যমান করে এক জলজ গোরস্তান কৃষ্ণসাগরের অতল গহ্বরে। যেখানে স্বৈরশাসকদের উচ্চাভিলাষ, জিঘাংসা, সীমাহীন লোভ-লালসার ফলস্বরূপ ধ্বংসযজ্ঞের সাক্ষী বিধ্বস্ত জাহাজের খণ্ডিত অংশবিশেষ।”
