লন্ডনে উৎসবমুখর আবহে চলছে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা
আয়োজনে রয়েছে আলোচনা, কবিতাপাঠ ও বইয়ের মোড়ক উন্মোচনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
লেখক, পাঠক ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে চলছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের আয়োজনে দুইদিনব্যাপী ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা-২০২৫।
রোববার বিকেলে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও শিক্ষাবিদ মাহমুদ শাহ কোরেশী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি শামীম আজাদ, কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক অধ্যাপক জো উইন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। কবি ও ছড়াকার দিলু নাসের ‘সাহিত্য পদক’, কবি আতাউর রহমান মিলাদ ‘গুণিজন পদক’ এবং আয়োজক সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যকর্মী স্মৃতি আজাদ যৌথভাবে ‘বেস্ট পারফর্মার পদক’ পান।
বিকেলে অনুষ্ঠিত হয় ‘সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় এ পর্বে সভাপতিত্ব করেন লেখক ও অর্থনীতিবিদ সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাশিল্পী সাগর রহমান। আলোচনায় অংশ নেন অধ্যাপক জো উইন্টার, গবেষক-অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত ও কবি মিলটন রহমান।
তারপর ইংরেজ কবিদের কবিতাপাঠে স্টিফেন ওয়াটস, ডেভিড লি মর্গান, অ্যামি ন্যালসন ও রাপায়েল পি. ক্রুজ অংশ নেন।
সন্ধ্যায় শুরু হয় নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ‘পাণ্ডুলিপি থেকে মঞ্চে’। এ পর্বে নতুন প্রজন্মের লেখক ও কবিদের বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অংশ নেন জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, কবি আহমদ হোসেন হেলাল, গীতিকবি মাহফুজা রহমান, কবি সাদেকা সিদ্দিকী জ্যোতি, কথাশিল্পী সাওদা মুমিন এবং কবি ও নাট্যকার এম. মোসাইদ খান। রাতে অনুষ্ঠিত হয় কবিতাপাঠের আসর ও আবৃত্তি।
এবছর মেলায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান। বইমেলার প্রথম দিনজুড়ে লেখক-পাঠকের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর আবহে ব্রাডি আর্টস সেন্টার ছিল মুখরিত।
