Published : 07 Jul 2026, 08:29 PM
যুক্তরাজ্যের লন্ডনে কবি, লেখক ও প্রকাশকদের প্রীতি আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার প্রকাশনা সংস্থা ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’-এর কর্ণধার আদিত্য অন্তরের যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে সোমবার পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে এ আয়োজন করা হয়।
কবি আসমা মতিনের সভাপতিত্বে এবং সাংবাদিক ও কবি মো. রহমত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মুকিত।
যুক্তরাজ্যে বাংলা সাহিত্যের প্রসার এবং প্রকাশনা শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। প্রকাশক আদিত্য অন্তরের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় লেখকরা তাদের পাণ্ডুলিপি প্রকাশ, বিপণন ও বাণিজ্যিক প্রক্রিয়া নিয়ে কথা বলেন।
বিশেষ করে যুক্তরাজ্যে বাংলা বইয়ের বাজার তৈরি, সম্পাদনা, প্রচ্ছদ-অলঙ্করণ, মানসম্মত মুদ্রণ এবং সহজতর বিপণন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রথাগত প্রকাশনার পাশাপাশি স্ব-প্রকাশনা এবং লেখকের রয়্যালটির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ‘ভাটির কণ্ঠ’ পত্রিকার সম্পাদক কবি ইমদাদুন খান, গীতিকবি শাহ সুহেল, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, ‘বাংলা সংলাপ’ পত্রিকার প্রতিবেদক ও বিবিএন ডট মিডিয়ার সম্পাদক সাজ্জাদুর রহমান, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম, কবি আফিয়া বেগম শিরি ও মিছবাহ কামাল।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্বরচিত কবিতা পাঠ করেন গীতিকবি শাহ সুহেল, কবি সাজ্জাদুর রহমান নয়ন, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম ও মুহাম্মদ শাহেদ রাহমান।